সিলেট ব্যুরো
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসীদের জন্য বিশেষ সুবিধাসংবলিত ‘প্রবাসী কার্ড’ আগামী দুই মাসের মধ্যে চালু করা হবে। একই সাথে তাদের বিনিয়োগ সহজ করতে আধুনিক আবাসন প্রকল্প হাতে নেয়া হচ্ছে, যা সিলেট থেকেই শুরু হতে পারে। গত শনিবার দুপুরে সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে অনুষ্ঠিত ‘গ্লোবালাইজিং সিলেট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, দেশে জমির পরিমাণ সীমিত হওয়ায় ভবিষ্যতে প্লটভিত্তিক প্রকল্পের পরিবর্তে অ্যাপার্টমেন্টভিত্তিক আবাসন গড়ে তোলার পরিকল্পনা নেয়া হয়েছে। এসব প্রকল্পে শুধু প্রবাসীরা বরাদ্দ পাবেন। এতে নতুন প্রজন্মের সাথে দেশের সম্পর্ক আরো দৃঢ় হবে এবং দেশে বিনিয়োগ বাড়বে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সেবার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রবাসীদের জন্য আলাদা লাউঞ্জ নির্মাণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় সরঞ্জামসহ একটি মেডিক্যাল ইউনিট চালুর উদ্যোগ নেয়া হয়েছে। গুরুতর অসুস্থ যাত্রীদের দ্রুত হাসপাতালে নিতে বিমানবন্দরে স্থায়ী অ্যাম্বুলেন্স রাখা হবে। তিনি আরো বলেন, বিদেশে মারা যাওয়া বাংলাদেশী প্রবাসীদের লাশ বিনা খরচে দেশে এনে পরিবারের কাছে পৌঁছে দেয়ারও ব্যবস্থা চালু করা হয়েছে। সেমিনারে আরো উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী।



