ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, রায়পুরে ১১৩ শিক্ষার্থীর ফল নিয়ে শঙ্কা

Printed Edition

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

লক্ষ্মীপুরের রায়পুরে এসএসসি পরীক্ষায় ভুল সেটে প্রশ্নপত্র বিতরণের ঘটনায় ১১৩ পরীক্ষার্থীর ফলাফল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি কেন্দ্রের দ্বিতীয় ভেনুতে। গত মঙ্গলবার (৫ মে) কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মানবিক বিভাগের ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের নৈর্ব্যক্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। নির্ধারিত ছিল ৩ নম্বর সেটের প্রশ্নপত্র। তবে ভুলবশত ১ নম্বর সেটে পরীক্ষা নেয়া হয় বলে জানা গেছে।

ঘটনাটি বুধবার প্রকাশ্যে এলে শিক্ষা বোর্ড সাথে সাথে কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা ফারুকীকে শোকজ করে। তিনি জবাব দিতে বোর্ডে উপস্থিত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে এখনো তাকে দায়িত্ব থেকে অব্যাহতি না দেয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

পরীক্ষার্থীরা জানায়, পরীক্ষা শেষে অন্য কেন্দ্রের শিক্ষার্থীদের সাথে প্রশ্ন মিলিয়ে দেখার পর তারা বিষয়টি বুঝতে পারে। এতে অনেক শিক্ষার্থী মানসিক চাপে পড়েছে। পরীক্ষার্থী মিল্লাত হোসেন ও সৌরভ হোসেন বলেন, পরে জানতে পারি আমরা ভুল সেটে পরীক্ষা দিয়েছি। প্রশ্নের ধরনেও পার্থক্য ছিল।

কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো: কবীর উদ্দিন আহমেদ বলেন, ঘটনাটি দায়িত্বে অবহেলার শামিল। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে অধিদফতরে চিঠি পাঠানো হয়েছে। তবে শিক্ষার্থীদের ফলাফলে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে তিনি আশ্বাস দেন। যে সেটে পরীক্ষা নেয়া হয়েছে, সেই অনুযায়ী উত্তরপত্র মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি।

এ দিকে কেন্দ্র সচিব মোস্তফা ফারুকী ভুলের দায় স্বীকার করে বলেন, পরীক্ষার আগে সিসিটিভি-সংক্রান্ত জটিলতায় ব্যস্ত থাকায় অন্য এক শিক্ষক ভুল করে প্রশ্নপত্র খুলে ফেলেন। নিয়ম অনুযায়ী কেন্দ্র সচিবের উপস্থিতিতে নির্ধারিত সেটের প্রশ্ন খোলার কথা থাকলেও তা মানা হয়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, পরীক্ষার্থীদের উত্তরপত্র গ্রহণের বিষয়টি শিক্ষা বোর্ড নিশ্চিত করেছে। এ ঘটনায় পরীক্ষা কেন্দ্র ব্যবস্থাপনা ও তদারকি নিয়েও প্রশ্ন উঠেছে। সচেতন মহল বলছে, ভবিষ্যতে এমন অবহেলা ঠেকাতে কঠোর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।