বরিশালে বাড়ছে অপরাধ এক মাসে ৬ খুন, ২০ ধর্ষণ

Printed Edition

আযাদ আলাউদ্দীন বরিশাল ব্যুরো

বরিশালে দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে অপরাধপ্রবণতা। হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, মাদক, চুরি ও ছিনতাইসহ নানা অপরাধে অস্থির হয়ে উঠছে নগর ও গ্রামাঞ্চল। অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর উদ্যোগের অভাব এবং অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কঠোর ব্যবস্থা না থাকায় তাদের দুঃসাহস আরো বেড়ে যাচ্ছে।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সর্বশেষ মাসিক সভায় উপস্থাপিত অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, গত মে মাসে বরিশাল মেট্রোপলিটন ও জেলা পুলিশের আওতাধীন ১৪টি থানায় মোট ছয়টি হত্যাকাণ্ড এবং ২০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। একই সময়ে সংঘটিত হয়েছে অসংখ্য নারী ও শিশু নির্যাতনের ঘটনা, মাদক সংক্রান্ত শতাধিক মামলা এবং বিভিন্ন ধরনের অপরাধ।

পরিসংখ্যান অনুযায়ী, বরিশাল মেট্রোপলিটন এলাকায় মে মাসে মোট ১৯১টি অপরাধের ঘটনা রেকর্ড হয়েছে। এর মধ্যে ১৩টি ধর্ষণ, ২১টি নারী ও শিশু নির্যাতন, ৭৬টি মাদক মামলা, আটটি চুরি, চারটি সিঁধেল চুরি, একটি অপহরণ এবং দু’টি অস্ত্র মামলা রয়েছে। এ ছাড়া অন্যান্য অপরাধের ঘটনাও উল্লেখযোগ্য সংখ্যায় ঘটেছে।

অন্য দিকে বরিশাল জেলা পুলিশের আওতাধীন ১০ থানায় মে মাসে মোট ২৬৭টি অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে চারটি হত্যা, সাতটি ধর্ষণ, অর্ধশতাধিক নারী ও শিশু নির্যাতন, ৮২টি মাদক মামলা, পাঁচটি চুরি, ছয়টি সিঁধেল চুরি, দু’টি অপহরণ, একটি অস্ত্র মামলা এবং একটি পুলিশ আক্রান্তের ঘটনা রয়েছে।

সব মিলিয়ে মে মাসে বরিশাল মহানগর ও জেলার ১৪ থানায় মোট ৪৫৮টি অপরাধের ঘটনা রেকর্ড হয়েছে। এর মধ্যে ছয়টি হত্যা, ২০টি ধর্ষণ, ৭১টি নারী ও শিশু নির্যাতন, ১৫৮টি মাদক সংক্রান্ত মামলাসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হয়েছে।

অপরাধ বিশ্লেষকরা বলছেন, মাদক কারবার ও নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেশি। একই সাথে হত্যা, ধর্ষণ ও সম্পদবিরোধী অপরাধ বৃদ্ধির প্রবণতা জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে। তারা অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত অভিযান এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন আইনশৃঙ্খলা কমিটির সর্বশেষ মাসিক সভায় স্থাপিত অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের আরো কার্যকর ভূমিক নেয়ার প্রতি গুরুত্বারোপ করেছেন।