নয়া দিগন্ত ডেস্ক
বাইক নিয়ে বিপজ্জনক স্টান্ট দেখাতে গিয়ে বিপাকে পড়লেন এক দম্পতি। বাইকে স্ত্রীকে চাপিয়ে মন্দিরের ঘাটের সামনে খালি হাতে বাইক তুলে দেখাতেই পুলিশের নজরে পড়লেন এক ব্যক্তি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ভারতের উত্তরপ্রদেশের প্রতাপগড়ের বেলহা দেবী মন্দিরঘাটে একটি বিপজ্জনক স্টান্ট করার পর এক দম্পতির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে, মন্দিরঘাট চত্বরে দাঁড়িয়ে একটি বাইককে খালি হাতে তুলে ধরছেন এক ব্যক্তি। তার পাশে দাঁড়িয়ে রয়েছেন লাল শাড়ি পরা এক মহিলা। স্বামী বাইকটি হাতে করে তুলে ধরতেই স্ত্রী সেই বাইকের ওপর উঠে বসেন। স্ত্রীকে বসিয়ে বাইকটিকে হাতে করে তুলে ধরে রাখেন স্বামী। এই ভিডিওটি মূলত সমাজমাধ্যমে পোস্ট করার জন্য তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। ভক্ত ও দর্শনার্থীদের আনাগোনা রয়েছে এমন একটি জনবহুল এলাকায় রিল ভিডিওতে স্টান্ট করা দর্শকের মধ্যে সমালোচনার জন্ম দেয়। অনেকেই এর সাথে জড়িত নিরাপত্তা ঝুঁকি নিয়ে প্রশ্ন তোলেন। ভিডিওটি ছড়িয়ে পড়তেই একটি মামলা দায়ের করা হয়।
প্রতাপগড় পুলিশ দম্পতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এমনকি ওই ব্যক্তির স্ত্রীর বিরুদ্ধেও মামলা করা হয়েছে। এ ছাড়াও, স্টান্টটিতে ব্যবহৃত মোটরসাইকেলটির ওপরও ট্রাফিক আইন অনুসারে জরিমানা করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। জনবহুল মন্দির প্রাঙ্গণে বিপজ্জনক স্টান্টের ভিডিও করার কারণেই দম্পতিটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।



