জান দেবো তবু জুলাই দেবো না : ব্যারিস্টার আরমান

Printed Edition
মিরপুরে একটি রেস্টুরেন্টে বাংলাদেশ ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বুয়ামা) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ব্যারিস্টার আরমান এমপি :  নয়া দিগন্ত
মিরপুরে একটি রেস্টুরেন্টে বাংলাদেশ ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বুয়ামা) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ব্যারিস্টার আরমান এমপি : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

মিরপুর-১৪ নির্বাচনী এলাকার নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) বলেছেন, ‘জান দেবো, তবু জুলাই দেবো না’। তিনি বলেন, এই আন্দোলনে করতে গিয়ে অনেক ঝড়-ঝাপ্টা আসবে জানি, জুলাই আন্দোলনের শহীদদের জাগিয়ে রাখতে, তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে জুলাই সনদ বাস্তবায়নে সংগ্রাম করে যাবো। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো আপস করা হবে না। তিনি গতকাল শুক্রবার মিরপুরের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বুয়ামা) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জুলাই আন্দোলনের পক্ষে কথা বলছিলেন। বুয়ামার সভাপতি ডা: তাওহিদ আল বেরুনীর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি ডা: ফখরুদ্দিন মানিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা: এ এইচ এম মঈনুদ্দিন আহমেদ জিলানী, ডা: মকবুল হোসেন মিন্টু, ডা: হাসান আল বান্না প্রমুখ।

মীর আহমাদ বিন কাসেম এমপি আরো বলেন, জনগণ আমাদের নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন, আমাদের সব কর্মকাণ্ড থাকবে থাকবে জনগণের স্বার্থকেন্দ্রিক। আমাদের যতটুকু সাধ্য এর পুরোটাই আমাদের জনগণের কল্যাণে কাজে লাগাব। বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদ মেডিসিন ও ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসকদের দাবি-দাওয়ার ব্যাপারে সংসদে কথা বলা অঙ্গীকার তিনি।

অনুষ্ঠানে ইউনানী ও আয়ুর্বেদিক মেডিক্যাল অ্যাসোসিয়েশন তাদের জন্য বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের মতো একটি স্বতন্ত্র কাউন্সিলের দাবি করে আসছে দীর্ঘদিন থেকে। কিন্তু কোনো এক অদৃশ্য সুতোর টানে ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসকদের ন্যায্য পূরণ হচ্ছে না। তাদের দাবির পক্ষে সংসদে কথা বলার অনুরোধ জানালে ব্যারিস্টার আহমাদ বিন কাসেম এমপি তাদের আশ্বস্ত করে বলেন, ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসা ও চিকিৎসকদের ন্যায্য দাবির পক্ষে তিনি তার সাধ্যের মধ্যে কথা বলে যাবেন সংসদে। একই সাথে ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসকদের হয়রানি বন্ধে স্বতন্ত্র কাউন্সিল গঠন করতে, আইন পাস করতে এবং তাদের চাকরি রাজস্ব খাতে নিতে সহায়তা করবেন।

ব্যারিস্টার আরমান আরো বলেন, জুলাই আন্দোলন শুধু নির্বাচনের জন্য হয়নি, এটি সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে প্রচণ্ড দ্রোহের নাম।