রক্তদাতা দিবসে সাইকেল র‌্যালি

‘জুলাইয়ের গণ-আকাক্সক্ষার প্রতিফলন নেই এবারের বাজেটে’: সেলিম উদ্দিন

Printed Edition
বিশ্ব রক্তদাতা দিবসে রাজধানীতে সাইকেল র‌্যালির উদ্বোধন করেন সেলিম উদ্দিন  :  নয়া দিগন্ত
বিশ্ব রক্তদাতা দিবসে রাজধানীতে সাইকেল র‌্যালির উদ্বোধন করেন সেলিম উদ্দিন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

সংসদে উপস্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে পুরনো ধারার ও শুভঙ্করের ফাঁকি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি অভিযোগ করেছেন, এই বাজেটে সরকার সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষা করে উল্টো কালো টাকা সাদা করার সুযোগ ও ঋণখেলাপিদের সুবিধা দেয়ার পথ উন্মুক্ত করেছে।

শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত এক সাইকেল র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘এবারের বাজেট মূলত একটি শুভঙ্করের ফাঁকি। এখানে একদিকে কালো টাকা সাদা করার অনৈতিক সুযোগ রাখা হয়েছে, অন্যদিকে খেলাপি ঋণগ্রহীতাদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা হয়েছে। এই বাজেট দেশের বিপুলসংখ্যক তরুণকে নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কোনোভাবেই সহায়ক হবে না।’ তিনি দেশের তরুণ সমাজকে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকার আহ্বান জানান। একই সাথে জামায়াতে ইসলামী একটি সুস্থ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

রক্তদাতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে জামায়াত নেতা বলেন, এক ব্যাগ রক্ত একটি মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে পারে। মানবতার সেবায় রক্তদাতারা যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন তা শুধু মানবসেবাই নয়, একটি মহান ইবাদতও বটে। দেশের চিকিৎসাব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরে তিনি আরো বলেন, বর্তমান হাসপাতালগুলোতে আধুনিক পদ্ধতিতে রক্ত সংরক্ষণের পর্যাপ্ত ও উন্নত ব্যবস্থা নেই। এই সঙ্কট দূর করতে এবং রক্তপ্রাপ্তি সহজতর করতে একটি আধুনিক ‘ডিজিটাল ব্লাড ডোনার নেটওয়ার্ক’ গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে। এ সময় তিনি তরুণ প্রজন্মকে মানবসেবা, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড এবং দেশ গঠনের কাজে আরো সক্রিয়ভাবে অংশ নেয়ার উদাত্ত আহ্বান জানান।

লাইফ সাইকেল বিডির পরিচালক তৌহিদুল ইসলাম রিয়াজের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাহফুজুর রহমান, ডা: ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, হেমায়েত হোসেন এবং সহকারী পরিচালক আব্দুল মোতালেবসহ অন্যান্য নেতারা। বক্তব্য শেষে মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে সাইকেল র‌্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, হাতিরঝিল ও মধুবাগ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শুরুর স্থানে এসে শেষ হয়। আয়োজকদের দাবি, এই সচেতনতামূলক র‌্যালিতে রাজধানীর বিভিন্ন প্রান্তের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।