ইবিতে কুরআনিক ব্যাখ্যা ও আধুনিক প্রয়োগবিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

Printed Edition

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে কুরআনিক ব্যাখ্যা ও আধুনিক প্রয়োগবিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিভাগের সেমিনার কক্ষে ‘অ্যাডভান্সিং স্কলারলি ফ্রন্টিয়ার্স ইন কুরআনিক ইন্টারপ্রিটেশন অ্যান্ড মডার্ন অ্যাপ্লিকেশন’ শীর্ষক এ সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে পাঁচজন নবীন গবেষক তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন। গবেষণাপত্রগুলোতে কুরআন ও সুন্নাহর আলোকে বন্যপ্রাণী সংরক্ষণ, কুরআনিক ব্যাখ্যার পরিপ্রেক্ষিত, কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার, ইসলামী অর্থব্যবস্থায় প্রযুক্তির প্রয়োগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নৈতিক দিক নিয়ে আলোচনা করা হয়।

গবেষক মো: ছাফওয়ানুর রহমান বিভাগের প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকীর তত্ত্বাবধানে ‘কনজারভেশন অব ওয়াইল্ডলাইফ ইন দ্য লাইট অব দ্য কুরআন অ্যান্ড সুন্নাহ’ বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করেন। বিভাগের প্রফেসর ড. নাসির উদ্দিন মিঝির তত্ত্বাবধানে আব্দুল্লাহ ইহছান ভূঁইয়া ‘ডিফারেন্ট কনটেক্সচুয়াল ডাইমেনশনস অব কুরআনিক ইন্টারপ্রিটেশন ইন দ্য লাইফ অব প্রফেট (সা:)’ বিষয়ে তার গবেষণাপত্র উপস্থাপন করেন।

মুহা: ফয়জুল্লাহ বিভাগের প্রফেসর ড. খান মুহাম্মদ ইলিয়াসের তত্ত্বাবধানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইসলামী নৈতিকতার সম্পর্ক নিয়ে গবেষণাপত্র উপস্থাপন করেন। মোহাম্মদ আবু সাইদ একই তত্ত্বাবধানে ইসলামী সম্পদ ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করেন। এ ছাড়া বিভাগের প্রফেসর ড. শেখ এ বি এম জাকির হোসেনের তত্ত্বাবধানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নৈতিক ব্যবহার নিয়ে গবেষণা তুলে ধরেন মো: আব্দুর রহিম।

সিম্পোজিয়াম অনুষ্ঠানে বিভাগের প্রফেসর ড. খান মুহাম্মদ ইলিয়াস সঞ্চালনা করেন। এ সময় বিভাগের প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, প্রফেসর ড. এ বি এম ফারুক, প্রফেসর ড. আ ফ ম আকবর হোসাইন, প্রফেসর ড. আবূ নোমান মো: এরশাদ উল্লাহ, প্রফেসর ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীসহ বিভাগের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।