ঠাকুরগাঁও প্রতিনিধি
দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা বিশেষ করে উত্তরাঞ্চলের উন্নয়নের কথা তুলে ধরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ অঞ্চলে শিল্পকারখানা প্রতিষ্ঠার সুযোগ-সম্ভাবনা খতিয়ে দেখতে আগামী দুই মাসের মধ্যেই চীনের একটি প্রতিনিধিদল আসবে। সম্ভাব্য বিনিয়োগ ও শিল্পায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরো গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি। গতকাল শুক্রবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে চীনা দূতাবাসের সৌজন্যে স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে গেস্ট অব আনার হিসেবে ছিলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, আমাদের নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। যোগ্যতা কাজে লাগিয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে হবে। আজকের চীন যে এত উন্নত হয়েছে, তারা নিজেদের চেষ্টায় উন্নত হয়েছে। তাদের ছেলেমেয়েরা লেখাপড়া ও কাজ করে উন্নত হয়েছে। কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, সে জন্য নিজেদেরই চেষ্টা করতে হয়।
বিএনপি মহাসচিব বলেন, আমাদের প্রধানমন্ত্রীও শিশুদের নিয়ে কাজ করতে চান। এজন্য তিনি কিছু উদ্যোগ গ্রহণ করেছেন। শিক্ষার্থীদের পোশাক, শিক্ষাসামগ্রী ফ্রিতে বিতরণ, সেই সাথে শিশুরা যাতে প্রতিযোগিতা করে টিকে থাকতে পারে সেই প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি বলেন, আমরা আজকে এখানে চীনের রাষ্ট্রদূতকে পেয়েছি তাই তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। চীন বিভিন্ন দেশের জনগণের উন্নয়ন করছে। আমাদের উন্নয়নের ক্ষেত্রেও তারা সমর্থন দিচ্ছে। তাই আমি উনাদেরকে দিয়ে ঠাকুরগাঁওয়ের কিছু কাজ করাতে চাই। চীনের রাষ্ট্রদূত বলেছেন চলতি বছরই এখানে কলকারখানা স্থাপন করার জন্য চীন থেকে একটি প্রতিনিধিদল আসবেন।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার বক্তব্যে বলেন, আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। বাংলাদেশের জনগণের সাথে চীনের সম্পর্ক অনেক গভীর। আমি আশা করি এই শিক্ষাসামগ্রী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে বেগবান করবে। এখানে অনেক কৃষি জমি আছে। সে দিক দিয়ে আমরা কাজ করতে চাই এবং চলতি বছরের জুলাই-আগস্ট মাসে একটি প্রতিনিধিদল আসবেন আপনাদের এখানে ভিজিট করতে। তিনি জানান, আগামী বছরের মধ্যে এখানকার ছাত্রছাত্রীদের চীন সফরে নেয়া হবে। বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব ও সমর্থন অব্যাহত থাকবে।
তরুণ মেধার বিকাশ, উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের প্রায় ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পায়গাম আলী, পৌর সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।



