নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে অনিয়মে অসহায়, দরিদ্রদের বঞ্চিত করায় ক্ষোভ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এই অনিয়ম কার্যক্রমের সাথে জড়িত থাকার দায়ে মাঠ পর্যায়ের সব কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মাঠে নেমেছে। গত ১৬ মে কলমাকান্দা উপজেলা হলরুমে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে চরম ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি কিছুতেই সহ্য করা হবে না। অসহায়, দরিদ্রদের বাইরে রেখে সচ্ছল ব্যক্তিদের নাম তালিকায় স্থান দেয়া হয়েছে। এতে প্রকৃত ব্যক্তিদের বঞ্চিত করা হয়েছে। যা কিছুতেই মেনে নেয়া যায় না।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম জানান, একমাত্র তিনি ব্যতীত মাঠ পর্যায়ের সব কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনটি ব্যারিস্টার কায়সার কামালের নিজ নির্বাচনী আসন।



