দ্য গার্ডিয়ান
ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আক্রমণের জবাবে পোপ লিও জানিয়েছেন, তিনি কখনোই পারমাণবিক অস্ত্র সমর্থন করেননি এবং যারা তার সমালোচনা করছেন তাদের সত্য কথা বলা উচিত। ইরান যুদ্ধ নিয়ে পোপের অবস্থানের কারণে তিনি অনেক ক্যাথলিককে বিপদে ফেলছেন বলে ট্রাম্প যে অভিযোগ তুলেছেন তার পরিপ্রেক্ষিতে পোপ এই প্রতিক্রিয়া জানান।
মঙ্গলবার রাতে রোমের কাছে কাস্তেল গানদোলফো এলাকায় পোপের অবসরকালীন আবাস থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন বংশোদ্ভূত প্রথম এই পোপ বলেন, চার্চের মূল লক্ষ্য হলো সুসমাচার প্রচার করা এবং শান্তির বাণী ছড়িয়ে দেয়া। এর আগে ট্রাম্পের বিভিন্ন মন্তব্যের কারণে সৃষ্ট উত্তেজনা প্রশমনের লক্ষ্যে আগামী বৃহস্পতিবার ভ্যাটিকানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে পোপের সাক্ষাৎ করার কথা রয়েছে। রাজনৈতিক বিতর্কে সততা বজায় রাখার আহ্বান জানিয়ে পোপ বলেন, যদি কেউ সুসমাচার প্রচারের জন্য আমার সমালোচনা করতে চান তবে তারা যেন সত্যের সাথে তা করেন। চার্চ বছরের পর বছর ধরে সবধরনের পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে কথা বলে আসছে এবং এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি কেবল আশা করি, ঈশ্বরের বাণীর গুরুত্বের কারণে আমার কথা শোনা হবে।
দিনের শুরুতে ট্রাম্প একটি রেডিও অনুষ্ঠানে হিউ হিউইটকে বলেন, পোপ বরং ইরানের পারমাণবিক অস্ত্র থাকা যে ঠিক তা নিয়েই কথা বলতে বেশি পছন্দ করেন, যা মোটেও ভালো নয়। আমার মনে হয় তিনি অনেক ক্যাথলিক এবং অনেক মানুষকে বিপদে ফেলছেন। তবে পোপের ওপর ছেড়ে দিলে সম্ভবত তিনি মনে করেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকাটা একদম ঠিক আছে। গত এপ্রিলে ইরান যুদ্ধের সমালোচনা করায় পোপের ওপর ক্ষোভ ঝাড়েন মার্কিন প্রেসিডেন্ট। তিনি পোপ লিওকে অপরাধের ক্ষেত্রে দুর্বল এবং বৈদেশিক নীতিতে ভয়াবহ বলে আখ্যা দেন। এমনকি ট্রাম্প হোয়াইট হাউজে ছিলেন বলেই লিও পোপ হিসেবে নির্বাচিত হতে পেরেছেন বলেও দাবি করেন তিনি। এরপর ট্রাম্প নিজেকে যিশুর মতো চিত্রিত করে একটি এআই জেনারেটেড ছবি শেয়ার করেন, যা পরে মুছে ফেলা হয়। আগামী শুক্রবার পোপ হিসেবে পোপ লিওর এক বছর পূর্ণ হতে যাচ্ছে। ট্রাম্পের এই আক্রমণের আগে চলতি সপ্তাহে তার সাংবাদিকদের সাথে কথা বলার কোনো পরিকল্পনা ছিল না। নেদারল্যান্ডসের পাবলিক রেডিও ও টিভির ভ্যাটিকান প্রতিনিধি আন্দ্রেয়া ভ্রেড বলেন, আমাদের জানানো হয়েছিল যে, পোপ সাংবাদিকদের সাথে কথা বলবেন না; কিন্তু তিনি কথা বলেছেন। কারণ তিনি মনে করেছেন, এটি প্রয়োজনীয় ছিল এবং আসলেই এটি দরকার ছিল।



