প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

গণবিরোধী ও লুটপাটের বাজেট : জামায়াত

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে গণবিরোধী ও লুটপাটের বাজেট উল্লেখ করে এর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তর জামায়াত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম ও বাড্ডায় পৃথক বিক্ষোভ মিছিল বের করে দলটি।

ঢাকা মহানগরী দক্ষিণ : বায়তুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশের প্রথম সরকারের অর্থমন্ত্রী যেই বাজেট উপস্থাপন করেছেন সেই বাজেট গণবিরোধী ও লুটপাটের বাজেট। এ বাজেটে জুলাই আকাক্সক্ষার প্রতিফলন হয়নি। পুরনো ব্যবস্থার বাজেটের চিত্র অঙ্কন করা হয়েছে। এ বাজেট বিশাল ঋণনির্ভর বাজেট। এ বাজেটে ঋণ ও করের বোঝা জনগণের ওপর চাপিয়ে দিয়ে সরকার গণবিরোধী বাজেট উপস্থাপন করেছে। তিনি বলেন, সরকার জনগণের ওপর করের বোঝা চাপিয়ে দিয়ে দলীয় কর্মী পালনের বাজেট উপস্থাপন করেছে।

বিশেষ অতিথির বক্তৃতায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, বাজেটের আকার বিশাল হলেও বাজেট জনবান্ধনবের পরিবর্তে দলীয় বান্ধব বাজেট উপস্থাপন করা হয়েছে। উপস্থাপিত বাজেটে সরকারদলীয় ব্যবসায়ী, দলীয় সন্ত্রাসী আর চাঁদাবাজরা উপকৃত এবং সুবিধাভোগী হচ্ছে। এ সরকারকে জনবান্ধব সরকার বলা যায় না। এ সরকার পুরোপুরি দলীয়বান্ধব সরকার। জনবান্ধব বাজেট উপস্থাপন করতে না পারলে জামায়াতে ইসলামীর প্রস্তাবিত বাজেট অনুসরণ করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে আরো বক্তৃতা করেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শামছুর রহমান প্রমুখ।

সমাবেশ শেষে, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে এক বিক্ষোভ মিছিল পল্টন মোড় হয়ে বিজয়নগর প্রদক্ষিণ করে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা সরকারের উপস্থাপিত বাজেট সংশোধন করে জনবান্ধব বাজেট ঘোষণা দাবি জানান।

ঢাকা মহানগরী উত্তর : জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ঘোষিত বাজেটকে গণবিরোধী ও শোষণের হাতিয়ার বলে উল্লেখ করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা বলেন, সরকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করে আত্মতৃপ্তিতে ভুগছে। কিন্তু শিক্ষা ও স্বাস্থ্য খাতের জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেয়া হয়নি। উপেক্ষিত হয়েছে রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ খাতও। জনগণ আশা করেছিল, জুলাই বিপ্লবের পর নতুন সরকার একটি গণমুখী বাজেট প্রদান করবে; কিন্তু সরকার জনগণকে আশাহত করে গণবিরোধী বাজেট দিয়ে পতিতদের মতো স্বৈরাচারী আচরণ শুরু করেছে। ঘোষিত বাজেটে গণমানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটেনি। তিনি সরকারকে সময় থাকতে শুভবুদ্ধির পরিচয় দিয়ে সংশ্লিষ্ট সবার সাথে পরামর্শ করে বাজেট সংশোধনের আহ্বান জানান।

রাজধানীর উত্তর বাড্ডার ওভার ব্রিজের নিচে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত সরকার ঘোষিত বাজেট প্রত্যাখান করে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষোভপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাতের পরিচালনায় সমাবেশে আরো বক্তৃতা করেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা: ফখরুদ্দিন মানিক। উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, মহানগরীর কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার নো’মান আহমেদি, মজলিসে শূরা সদস্য মাওলানা কুতুবউদ্দিন ও ফজলে আহমেদ প্রমুখ। বিক্ষোভ মিছিল উত্তর বাড্ডা থেকে শুরু হয়ে গুলশান লিংক রোডে এসে শেষ হয়।