কোচ নিয়োগে বেতনই বড় সমস্যা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

দফায় দফায় সভা বাফুফের ন্যাশনাল টিমস কমিটির। তবে এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ কে হবেন। গতকালও জুমে সভা করেছেন ন্যাশনাল টিমস কমিটির সদস্যরা। সর্বশেষ এই সভায় বিদেশী কোচের তালিকা নেমে এসেছে পাঁচজনে। তাদের মধ্যে বাফুফের পছন্দের তালিকায় সবার চেয়ে এগিয়ে ওয়েলসের কোচ ক্রিস কোলম্যান। এ ছাড়া জার্মানির ব্রেন্ড স্টর্কের সাথে পরশু রাতে আলোচনা হলেও শেষ পর্যন্ত তাকে আর নিচ্ছে না বাফুফে। জানিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির এক সদস্য। ফলে এখন কোলম্যান ছাড়াও আরো চারজন আছেন বাফুফের নোট বুকে। তবে হাই প্রোফাইলের কোচ কোলম্যানের চাওয়া বেতন নিয়ে সৃষ্টি হয়েছে সমস্যা। তিনি চান ৩০ হাজার ডলার। তবে বাফুফের পক্ষে এত টাকা দেয়া সম্ভব নয়। ফলে এই বেতনের বিষয় নিয়ে আজ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে মিটিং করবেন বাফুফে সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান তাবিথ আওয়াল। ক্রীড়ামন্ত্রীর কাছে বেতনের একটি অংশের আশ্বাস পাওয়া গেলেই কোলম্যানকে কোচ হিসেবে চূড়ান্ত করবে বাফুফে। অন্যথায় অন্য কোচের দিকে ঝুঁকবে। ন্যাশনাল টিমস কমিটির সূত্রে জানা গেছে এই তথ্য।

অবশ্য হতাশ কণ্ঠে ন্যাশনাল টিমস কমিটির এক সদস্য জানান, হয়তো ভালো বেতনের অভাবে উন্নত মানের কোচ আমরা পাবো না। তখন ১৫-১৬ হাজার ডলার বেতনের কোচই নিতে হবে। উল্লেখ্য, সর্বশেষ বাংলাদেশ দলের কোচ হাভিয়ার কারবেরাকে বাফুফে বেতন হিসেবে দিতো সাড়ে তের হাজার ডলার। সাথে বাড়িভাড়াসহ অন্য সুযোগ-সুবিধা। এখন বিদেশী কোচ বাবদ বাফুফের দেয়ার ক্ষমতা ১৫ হাজার ডলার। তাই বাকি অর্থের জন্য সরকারসহ অন্য উৎসগুলোর দিকে যেতে হচ্ছে।

৫৫ বছর বয়সী কোলম্যান খেলেছেন ম্যানচেস্টার সিটি, সোয়ানসি সিটি, ক্রিস্টাল প্যালেস, ব্ল্যাকবার্ন রোভার্স এবং ফুলহ্যামে। ইংলিশ লিগে তিনি ৫০০ ম্যাচ খেলে করেছেন ৩৪ গোল। এ ছাড়া ওয়েলসের হয়ে ৩২ ম্যাচে প্রতিপক্ষের জালে বল ফেলেছেন চারবার। এ ছাড়া ইংলিশ লিগের দল কভেন্ট্রি সিটি, ফুলহ্যাম ও সান্ডারল্যান্ডের কোচ ছিলেন। ওয়েলস জাতীয় দলের হেড কোচ ছিলেন ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেলারা তার অধীনেই সেøাভাকিয়া ও রাশিয়াকে হারিয়েছিল। সর্বশেষ তিনি গ্রিকের ক্লাব আসতেরাস ত্রিপোলিসে কাজ করেছেন। কোলম্যানের ৩০ হাজার ডলারই মূল সমস্যা নয়। তার সাথে যে অন্য কোচিংয় স্টাফরা আসবেন তাদের বেতনও একটা বড় বিষয়। ন্যাশনাল টিমস কমিটির এক সদস্যের মতে, মূল কোচের ৩০ হাজার ডলার বেতনের সাথে অন্য কোচিং স্টাফদের জন্য তো আরো ২০ হাজার ডলার লাগতে পারে। ৫০ হাজার ডলার বেতন দেয়ার সামর্থ্য তো নেই বাংলাদেশের।

এ ছাড়া আর্জেন্টিনার কোচ হুয়ান ভিতাও বাফুফের পছন্দের তালিকায় ছিল। ৩৯ বছর বয়সী এই কোচ রিভার প্লেটে খেলেছেন। বয়স কম হওয়ায় বাফুফে তাকে পছন্দ করলেও তিনিও বেশি চেয়েছেন। ফলে তাকে নেয়ার সুযোগ কম। বার্নড স্টর্ক হাঙ্গেরিকে ৪৪ বছর পর ইউরোতে নিয়েছেন। কাজাখস্তান জাতীয় দলেরও কোচ ছিলেন। জার্মানির মাইকেল নিস কসোভো ও জিম্বাবুয়ের ফুটবলে কাজ করেছেন। জানা গেলে কোলম্যান ও ভিতা ছাড়া অন্য সবার চাহিদা ১৫ থেকে ২০ হাজার ডলারের মধ্যে। ফলে বাফুফে সভাপতি আজ ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আলোচনা শেষে চূড়ান্ত করবেন কে হবেন বাংলাদেশের পরবর্তী দুই বছরের জন্য কোচ।

২০১৬ রিও অলিম্পিকে নেইমারদের ব্রাজিল দলকে স্বর্ণ এনে দিয়েছিলেন ব্রাজিলের রোজারিও মাইকেল। তিনি বাংলাদেশের কোচ হতে আগ্রহ দেখালেও পরে সরে যান।