ক্রীড়া ডেস্ক
স্বগাতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠেছে বিশ্বকাপ ফুটবলের। এর আগে গত পরশু নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে গোল উৎসব করল আলজেরিয়া। বিশ্বকাপের মূল পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে বলিভিয়াকে ৪-০ ব্যবধানে রীতিমতো উড়িয়ে দিয়েছে আফ্রিকার দেশটি। জোড়া গোল করলেন আমিনে গৌরি। জালের দেখা পেলেন আইস্সা মান্ডি ও রামিজ জেররৌকি। কোস্টারিকার বিপক্ষে বড় জয় পেয়েছে ১৯৬৬ আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল ২-১ ব্যবধানে হারিয়েছে নাইজেরিয়াকে।
ক্যানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ১৬ জুন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে আলজেরিয়া। ২০১৪ সালের পর এবারই বিশ্ব মঞ্চে খেলতে আসা দলটি ‘জে’ গ্রুপে পেয়েছে অস্ট্রিয়া ও জর্দানকে। বলিভিয়ার বিপক্ষে ক্লোজ ডোর ম্যাচ খেলতে চেয়েছিলেন আলজেরিয়া কোচ ভøাদিমির পেতকোভিচ। পরে দেশটির সম্প্রচার মন্ত্রণালয় জানায়, ম্যাচের হাইলাইটস দেখানো হবে ফেসবুকে।
ক্যানসাস সিটিতে বিরতির আগেই মান্ডির গোলে এগিয়ে যায় আলজেরিয়া। এরপর ৫৬ ও ৫৮ এই তিন মিনিটের মধ্যে আরো দু’বার জালের দেখা পায় আফ্রিকার দেশটি। অলিম্পিক মার্সেইয়ের আমিনে গৌরির করা দুই গোলে ব্যবধান ৩-০ করে আলজেরিয়া। ম্যাচের ৬১ মিনিটে চতুর্থ গোলটি করেন রামিজ। এর আগে গত সপ্তাহে প্রথম প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে তাক লাগিয়ে গিয়েছিল জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানের দলটি।



