নয়া দিগন্ত ডেস্ক
ময়লার ঝুড়ি থেকে তুলে নেয়া লটারির টিকিটে এক লাখ ডলার জিতেছেন এক মার্কিন নাগরিক। ওহিও রাজ্যের উইলার্ড এলাকার বাসিন্দা লোকটি লটারির টিকিটটি নাকি ভুলবশত ফেলে দিয়েছিলন। পরে মনে হয়েছে, টিকিটটি তো স্ক্র্যাচ করে নাম্বার মিলিয়ে দেখা হয়নি। ওহিও লটারির কর্মকর্তাদের তিনি বলেন, যখন তার মনে পড়েছে যে, টিকিটটি তিনি ফেলে দিয়েছেন তখন তিনি খানিকটা বিচলিত হয়ে পড়েছিলেন। বিঙ্গো ২৫ টাইমস ২৫ নামের টিকিটটি উইলার্ডের ওয়ারটন স্ট্রিটের সার্কেল কে থেকে কিনেছিলেন। পরে তিনি বড় ময়লার ঝুড়ির সব ময়লা ফেলে তন্ন তন্ন করে খুঁজে বের করেন। তার ভাগ্য ভালো, সিটি করপোরেশনের লোকেরা ময়লা নিয়ে যাওয়ার আগেই তার টিকিটের কথা স্মরণ হয়েছিল। আয়কর কেটে নেয়ার পরে পুরস্কার হিসেবে লোকটি ৭৩ হাজার ২৫০ ডলার ঘরে নিতে পেরেছেন। একেই বলে ভাগ্য। কপালে থাকলে ঠেকায় কে?



