রাশিয়ার তেল শোধনাগারে ড্রোন হামলায় আগুন

পাল্টাপাল্টি হামলায় নিহত ১২

Printed Edition

আনাদোলু

ইউক্রেনীয় একটি ড্রোন ভূপাতিত হয়ে পড়ার পর রাশিয়ার তিয়ুমেন তেল শোধনাগারে আগুন ধরে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তিয়ুমেন অঞ্চলের গভর্নর আলেকজান্ডার মুর জানিয়েছেন, জরুরি সেবা বিভাগ ঘটনাস্থলে কাজ করছে এবং তিনি নিজেই পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

২০২৬ সালে ইউক্রেনীয় ড্রোনগুলো রাশিয়ার ৩৪টি শোধনাগারের মধ্যে ২৪টিতেই হামলা চালিয়েছে। অক্সফোর্ড ইনস্টিটিউট ফর এনার্জি স্টাডিজের একটি প্রতিবেদন অনুযায়ী, জুনের মাঝামাঝি সময়ের মধ্যে রাশিয়ার প্রায় এক-তৃতীয়াংশ তেল শোধন ক্ষমতা অকার্যকর হয়ে পড়েছিল।

এ দিকে রাশিয়া ও ইউক্রেন শনিবার একে অপরের বিরুদ্ধে রাতভর ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছে। দুই পক্ষের এই পাল্টাপাল্টি হামলায় অন্তত ১২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ইউক্রেনের সুমি অঞ্চলে রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর ওলেহ হ্রিহোরোভ জানান, এই হামলায় বেসামরিক অবকাঠামো, গুদামঘর ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য দিকে খারসনের মধ্যাঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর।