নিজস্ব প্রতিবেদক
সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন ও বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সাবেক মহাসচিব ড. জাকির হোসেনের মা বেগম জেবুন্নেছা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ভোর ৫.৩৮টায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। বেগম জেবুন্নেছা পেশায় একজন শিক্ষক ছিলেন। এই দুই সন্তান ছাড়াও এক মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন তিনি।
তার মৃত্যুতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল এক শোক বার্তায় তারেক রহমান বলেন, বেগম জেবুন্নেছার মৃত্যুতে তাঁর পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান বেগম জেবুন্নেছা নিজ মেধা ও যোগ্যতা দিয়ে তাঁর অসংখ্য ছাত্রছাত্রীদের সুশিক্ষিত করেছেন- যারা এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন। এছাড়া একজন আদর্শ মা হিসেবে নিজ সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলেছেন। মরহুমা বেগম জেবুন্নেছা একজন মহিয়সী নারী হিসেবে সংশ্লিষ্ট সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন। আমি তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাক্সক্ষীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’ বেগম জেবুন্নেছার মৃত্যুতে আরো শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির এবং মহাসচিব মোহাম্মদ হালিমুজ্জামান এবং উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির সব সদস্য। নামাজে জানাজা শেষে গফরগাঁওয়ের গুলকিবাড়ি কবরস্থানে স্বামী জাফর আলী সরকারের কবরের পাশে তাকে দাফন করা হবে। উল্লেখ্য, বেগম জেবুন্নেছা ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৯৪৪ সালের জন্মগ্রহণ করেন।



