কৃতিত্বপূর্ণ একাডেমিক ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন নাহার হলের দু’জন শিক্ষার্থীকে স্বর্ণপদক ও ৩১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে ২১ জন মেধাবৃত্তি এবং ১০ জন সাধারণ বৃত্তি লাভ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গত মঙ্গলবার শামসুন নাহার হল মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক, বৃত্তির চেক ও সনদপত্র তুলে দেন। শামসুন নাহার মাহমুদ ফাউন্ডেশন বৃত্তি তহবিলের আওতায় এই স্বর্ণপদক ও বৃত্তি প্রদান করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাসরিন সুলতানা। শামসুন নাহার মাহমুদের নাতনী ডা: যেবা মাহমুদ স্মারক বক্তৃতা প্রদান করেন।
ভিসি বৃত্তি ও স্বর্ণপদকপ্রাপ্ত ছাত্রীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই সম্মাননা তাদের মেধার স্বীকৃতি। তিনি শামসুন নাহার মাহমুদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার আদর্শ অনুসরণের মাধ্যমে ভালো মানুষ হিসেবে গড়ে উঠার জন্য ছাত্রীদের প্রতি আহ্বান জানান।
স্বর্ণপদকপ্রাপ্ত দুই শিক্ষার্থী হলেন, অণুজীব বিজ্ঞান বিভাগের ছাত্রী হাজিরা রহমান মিশি এবং সঙ্গীত বিভাগের ছাত্রী শেখ জেরিন শবনম। বিজ্ঞপ্তি।



