রাজপথে মৃত্যুর হানা

পাঁচ জেলায় নিহত ৫

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় এক গরুর বেপারিসহ পাঁচজন নিহত হয়েছেন।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় রাবেয়া খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের দাদপুর সাহেবগঞ্জ জামাই রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া খাতুন উপজেলার দাদপুর মহৎপাড়া গ্রামের কোবাদ আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তপ্ত তরল বিটুমিন বহনকারী একটি ট্রাক ঢাকা থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। পথে দাদপুর সাহেবগঞ্জ ওভার ব্রিজ এলাকায় পৌঁছলে ট্রাকটি মূল মহাসড়ক ছেড়ে পাশের বিকল্প সড়ক দিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনার সময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া রাবেয়া খাতুন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

কালুখালী (রাজবাড়ী) সংবাদদাতা জানান, রাজবাড়ীর কালুখালীতে বাসের নিচে চাপা পড়ে মো: আমিন বকাউল (৪৫) নামে এক গরুর বেপারির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরো দুই বেপারি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার রাত ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার মোহনপুর বাসস্ট্যান্ডে এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত মো: আমিন বকাউল কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকার মজিদ বকাউল এর ছেলে। এ ছাড়াও আহতরা হলেনÑ একই এলাকার মো: ছকেল শেখের ছেলে মো: রিয়াজ শেখ (৪৮) ও মো: আদম কাজীর ছেলে মো: কলম কাজী (৩৮)।

রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা জানান, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় আবদুস সামাদ (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই ঘটনায় তার স্ত্রী মর্জিনা বেগম (৪৫) গুরুতর আহত হয়েছেন। নিহত আবদুস সামাদ পাশের বালিয়াডাঙ্গী উপজেলার গাণ্ডিগাড়ি গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে এবং চিকিৎসক আবুল কাশেমের চাচাতো ভাই। গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার মীরডাঙ্গী টেকিয়া মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের ভাই আবদুল কাদের জানান, তিন ভাইসহ পরিবারের সদস্যরা রানীশংকৈল উপজেলার জওগাঁও গ্রামে এক আত্মীয়ের দাফন শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে মীরডাঙ্গী টেকিয়া মহেশপুর এলাকায় রাস্তার ওপর একটি ট্রাক্টর দাঁড়িয়ে ছিল। এ সময় পৃথক মোটরসাইকেলে থাকা তিন ভাইয়ের মধ্যে আবদুস সামাদের মোটরসাইকেলটি আচমকা ট্রাক্টরের পেছনে ধাক্কা লাগে। এতে তিনি ও তার স্ত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আবদুস সামাদ মারা যান। গুরুতর আহত মর্জিনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে পাঠানো হয়েছে।

নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির ট্রাকের চাপায় মো: সালমান (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মো: শান্ত (২২) নামে আরো এক তরুণ আহত হয়েছেন।বৃহস্পতিবার বেলা ১টায় উপজেলার চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,নিহত সালমান অপর আরোহীসহ চন্দ্রগঞ্জ যাওয়ার পথে বাংলাবাজার এলাকায় পৌঁছলে বেপরোয়া গতির ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে ঘটনাস্থলেই সালমানের মৃত্যু হয়। অপর আরোহী শান্ত আহত হন। পরে স্থানীয়রা আহত শান্তকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেন।

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার মেদাকচ্ছপিয়া এলাকায় মালবাহী ট্রাক ও মাদক পাচারকারীর মোটরসাইকেলের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর নুর হোসেন (৩৫) নিহত হয়েছে । নিহতের মোটরসাইকেল তল্লাশি করে ইয়াবা টেবলেট উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ডুলাহাজারা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবর রহমান বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধা কচ্ছপীয়া এলাকায় কক্সবাজারমুখী মালবাহী ট্রাকগাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা মাদক পাচারকারী মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল আরোহী গাড়ির নিচে চাপা পড়ে ঘটনা স্থলে নিহত হয়।