বেতন-ভাতা রাজস্ব খাতে অন্তর্ভুক্তের দাবি মাউশিকের

Printed Edition

ঝালকাঠি প্রতিনিধি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক, শিক্ষিকা, কেয়ারটেকারসহ সব জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকপত্র প্রদান ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল জেলা প্রশাসক মো: মমিন উদ্দিন এ স্মারকলিপি গ্রহণ করেন। পরে তারা কলেজ মোড়স্থ একটি ভবনে সংবাদ সম্মেলন করে। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা মো: শাখাওয়াত হোসেন। অন্যদের মধ্যে মাওলানা মো: আবু জাফর খান, মাওলানা মো: শাহ জালাল, মাওলানা মো: মিজানুর রহমানসহ আরো কয়েকজন উপস্থিত ছিলেন।

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার আয়োজন করে।

তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক, শিক্ষিকা, কেয়ারটেকার ও সংশ্লিষ্ট সব জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের মাধ্যমে সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা দেয়ার আবেদন করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত এটি একটি বৃহৎ ও যুগান্তকারী শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রকল্প। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে ১৯৯৩ সালে এই প্রকল্পের কার্যক্রম শুরু হয়।

বর্তমানে এই প্রকল্পে প্রায় ৭১ হাজার ৯৪৯ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী নিয়োজিত আছেন, যারা দীর্ঘদিন ধরে স্বল্প ভাতা ও অনিশ্চিত অবস্থায় অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।