মালদ্বীপ প্রতিনিধি
মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব ও (শ্রম) কাউন্সেলরের দায়িত্ব পালন করে আসা মো: সোহেল পারভেজকে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা।
গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মো: সোহেল পারভেজের (বিএসসি) মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবেন। আদেশটি ২১ জুন থেকে কার্যকর হবে। এ দিকে আগামী কয়েক দিনের মধ্যেই দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত বিএসসি মহাব্যবস্থাপক মো: সোহেল পারভেজ।
তিনি ২০২০ সালের ৫ জানুয়ারি মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব হিসেবে যোগদান করেন। এরপর থেকে দীর্ঘ ছয় বছরের পথচলায় একাধিকবার ভারপ্রাপ্ত হাইকমিশনারের দায়িত্ব পালন করেন। এ সময়ের মধ্যে মালদ্বীপের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, প্রবাসী কল্যাণ নিশ্চিতকরণসহ প্রাতিষ্ঠানিক কার্যক্রমে গতিশীলতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
এ ছাড়াও তিনি মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের অধিকার সংরক্ষণ, শ্রমসংক্রান্ত জটিলতা নিরসন, বৈধ অভিবাসন ব্যবস্থাপনা এবং সঙ্কটাপন্ন বাংলাদেশীদের সহায়তায় নিরলস ও দায়িত্বশীল ভূমিকা পালন করেন।



