ইরান যুদ্ধের ব্যয় নিয়ে পেন্টাগন ও বিশেষজ্ঞদের তথ্যে বড় গরমিল

Printed Edition

রয়টার্স ও এএফপি

ইরানের সাথে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ও এর আর্থিক প্রভাব নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। পেন্টাগনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, যুদ্ধের বর্তমান ব্যয় ২৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা মাত্র দুই সপ্তাহ আগে কংগ্রেসে পেশ করা ২৫ বিলিয়ন ডলারের হিসাবকে ছাড়িয়ে গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত ব্যয়ের পরিমাণ দীর্ঘমেয়াদে আরো কয়েক গুণ বেশি হতে পারে।

পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নতুন এই হিসাবে সামরিক সরঞ্জামের মেরামত, প্রতিস্থাপন এবং সরাসরি যুদ্ধ পরিচালনার খরচ যুক্ত করা হয়েছে। এর আগের পরিসংখ্যানে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি মেরামতের ব্যয় অন্তর্ভুক্ত ছিল না। হার্ভার্ড কেনেডি স্কুলের জননীতি বিশেষজ্ঞ লিন্ডা বিলমেস সতর্কবার্তায় জানিয়েছেন, এই যুদ্ধ শেষ পর্যন্ত মার্কিন করদাতাদের জন্য অন্তত ১ ট্রিলিয়ন ডলারের বোঝা হয়ে দাঁড়াতে পারে।