ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে বজ্রপাতে আসাদুল ইসলাম (৪০) ও আন্না খাতুন (৪৫) নামে দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জেলার বিভিন্ন স্থানে আহত হয়েছেন অন্তত ১০ জন। গত সোমবার বিকেল ৬টার দিকে সদর উপজেলার মায়াধরপুর গ্রামে কৃষক আসাদুল ও রাত সাড়ে ৮টার দিকে শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামে আল্লা খাতুনের মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত আসাদুল ইসলাম কুষ্টিয়ার স্থায়ী বাসিন্দা। তিনি ধানকাটা শ্রমিক হিসেবে ঝিনাইদহে কাজ করতে এসেছিলেন। অন্য দিকে আন্না খাতুন দামুকদিয়া গ্রামের আনিছুর রহমানের মেয়ে।
মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ মিঞা জানান, বিকেল ৬টার দিকে মাঠে ধানকাটা ও বাঁধার কাজ করছিলেন কৃষক আসাদুল। এ সময় বজ্রপাতে তিনিসহ দুই কৃষক আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক কৃষক আসাদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
একই সময় বজ্রপাতে সদর উপজেলার ধোপাঘাটা গোবিন্দপুর, দোগাছি গ্রামে বজ্রপাতে আরো তিন নারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডা: ফারিহা তাহসিন বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই আসাদুলের মৃত্যু হয়েছে।
এ দিকে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, বাগানে আম কুড়ানোর সময় শৈলকুপা দামুকদিয়া গ্রামে বজ্রপাতে আন্না খাতুন নামে এক গৃহবধূ মারা যান। ঝিনাইদহ সদর থানার ওসি মো: আসাদউজ্জামান বলেন, বজ্রপাতে একজন কৃষকের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। হাসপাতালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।



