শিক্ষা ও গবেষণায় ঢাবি-চীনের আনহুই নরমাল বিশ্ববিদ্যালয় সমঝোতা

Printed Edition

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং চীনের আনহুই নরমাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারের লক্ষ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং আনহুই নরমাল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. শিয়ং ইউজিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারকের আওতায় আগামী পাঁচ বছর দুই বিশ্ববিদ্যালয় যৌথ গবেষণা, একাডেমিক সেমিনার আয়োজন এবং শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি পরিচালনা করবে। বিশেষ করে রসায়ন, উপকরণ বিজ্ঞান, ন্যানো প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশ ও প্রতিবেশ বিষয়ে উন্নত গবেষণার সুযোগ সৃষ্টি হবে। এ ছাড়া মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে চীনা ভাষা, সাহিত্য, ইতিহাস ও দর্শন বিষয়েও যৌথ একাডেমিক কার্যক্রম ও স্বল্পমেয়াদি কোর্স চালুর বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাবি ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘চীন বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের নতুন দ্বার উন্মোচিত হলো। যৌথ গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা আন্তর্জাতিকমানের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।’

অনুষ্ঠানে ঢাবির প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মোফাজ্জল হোসেন এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. সৈয়দা রোযানা রশীদসহ উভয় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উদ্যোগ বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিনকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তি।