রিয়ালকে ‘রিয়াল’ শিক্ষা পিএসজির

Printed Edition
রিয়ালের বিপক্ষে গোল উদযাপন পিএসজির দুই ফুটবলারের : ইন্টারনেট
রিয়ালের বিপক্ষে গোল উদযাপন পিএসজির দুই ফুটবলারের : ইন্টারনেট

ক্রীড়া ডেস্ক

দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা পেপ গার্দিওলার সময়কার বার্সেলোনাকে অনেকেই ফুটবল ইতিহাসের সেরা একটি দল বলে মনে করেন। দাপুটে ফুটবল খেলে প্রতিপক্ষকে রীতিমতো নাজেহাল করে ছাড়াতে ওই দলের জুড়ি ছিল না। সর্বজয়ী বার্সার মাঠের পারফরম্যান্স দেখে প্রতিপক্ষ দলের চেয়ে চেয়ে দেখা আর শেখা ছাড়া কিছুই করার থাকত না। কাতালান ক্লাবটির সেই সোনালি সময়টা এবার যেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ওপর ভর করে করেছে। ইউরোপজয়ী এই ক্লাবের সামনে জায়ান্ট সব দলগুলো অসহায় আত্মসমর্পণই করছে। প্যারিসের এ ক্লাবটির এমন আগ্রাসী ফুটবলের সর্বশেষ স্বীকার রিয়াল মাদ্রিদ।

ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজির সামনে দাঁড়াতেই পারেনি স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। জাবি আলোনসোর অধীনে নতুন যুগে প্রবেশ করা রিয়ালকে ‘রিয়াল’ ফুটবলের শিক্ষাই যেন দিল লুইস এনরিকের পিএসজি। এই মাস্টারমাইন্ড কোচের দুর্দান্ত দলের সামনে লস ব্ল্যাঙ্কোদের খুঁজেই পাওয়া গেল না। ৬৮ শতাংশ বল দখলে রেখে ১৭টি শট নিয়ে ঝড় তোলা পিএসজির সামনে হতবিহ্বল হয়ে পড়ে রিয়াল। কিলিয়ান এমবাপ্পে-ভিনিসিয়াস জুনিয়রদের ৪-০ গোলে ধসিয়ে দেয়া ইউরোপ চ্যাম্পিয়নরা এখন বিশ্বচ্যাম্পিয়ন হওয়া থেকে কেবল এক জয়ের দূরত্বে আছে। আগামী সোমবার নতুন কাঠামোর ক্লাব বিশ্বকাপ ফাইনালে ওসমান দেম্বেলে-আশরাফ হাকিমিরা মুখোমুখি হবে আরেক ইউরোপিয়ান ক্লাব চেলসির বিপক্ষে। আর এমন হতাশার হারে ট্রফিশূন্য থেকে মৌসুম শেষ করা নিশ্চিত হলো রিয়াল মাদ্রিদের।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের একেবারে শুরু থেকেই পিএসজির আক্রমণে দিশেহারা হয়ে পড়ে রিয়াল। প্রথম পাঁচ মিনিটেই দারুণ দুই সেভে রিয়ালের জাল অক্ষত রাখে থিবো কর্তোয়া। তবে উড়তে থাকা পিএসজির আক্রমণের ঢেউ পরের মিনিটেই আছড়ে পড়ে রিয়ালের জালে। ৬ মিনিটে স্প্যানিশ ক্লাবটির ডিফেন্ডার রাউল এসেন্সিওর ভুলে ফাবিয়ান রুইজের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। মিনিট তিনেক পর রিয়ালের আরেক অ্যান্টনিও রুডিগারের ভুলে বল জালে জড়ান এই মৌসুমের ব্যালন ডি’অর দাবিদার দেম্বেলে। ইউরোপ চ্যাম্পিয়নদের প্রবল আক্রমণ সামাল দিতে হিমশিম খাওয়া আলোনসোর দল ঘুরে দাঁড়ানো দূরে থাক উল্টো ২৪ মিনিটে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। হাকিমির অ্যাসিস্টে জোড়া গোল পূর্ণ করেন ট্রেবল জয়ী ফরাসি ক্লাবটির স্প্যানিশ মিডফিল্ডার রুইজ। একপেশে লড়াইয়ে হালি পূর্ণ করা গোলটি আসে পর্তুগিজ ফরোয়ার্ড গঞ্জালো রামোসের নৈপুণ্যে।