ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে দেয়া প্রতিশ্রুতি শেষ পর্যন্ত রেখেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ওয়েন রুনি। নরওয়ে যদি ব্রাজিলকে হারাতে পারে, তবে তিনি নদীতে নৌকা বাইবেন, শেষ ষোলোর আগে এমন ঘোষণা দিয়েছিলেন বিবিসি স্পোর্টের এই বিশ্লেষক। নরওয়ে ২-১ গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারানোর পর নিজের কথা রাখতেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হাডসন নদীতে নৌকা বাইতে নামেন রুনি। এ সময় তার সঙ্গী ছিলেন ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক জো হার্ট এবং সাবেক ডিফেন্ডার মাইকা রিচার্ডস। তিনজনই এ দিন বিশ্লেষকের দায়িত্ব ছেড়ে হাতে তুলে নেন বৈঠা। নৌকাভ্রমণ শেষে রুনি বলেন, আমি দারুণ উপভোগ করেছি। সমর্থকরা অসাধারণ ছিল। তাদের প্রতি সম্মান জানাতেই আমরা এই প্রতিশ্রুতি পূরণ করেছি। বিশ্বকাপ চলাকালে নরওয়ের সমর্থকদের ভাইকিং ঐতিহ্য অনুসরণ করে নৌকা বাইবার দৃশ্য ব্যাপক আলোচনার জন্ম দেয়।



