৭ বছর বয়সেই কার রেসার!

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

শিশুদের খেলনার মধ্যে গাড়ি থাকবেই। একেক শিশুর পছন্দের তালিকায় থাকে একেক ধরনের খেলনা গাড়ি। তবে চীনের এক শিশু এই খেলনা গাড়ির গণ্ডি পেরিয়ে আসল গাড়িতে মজেছে এক বছর বয়সেই। আর সাত বছর বয়সের মধ্যেই হয়ে গেছে পেশাদার কার রেসার।

শাও জিয়ান নামে ওই শিশু পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের ওয়েনজু শহরের বাসিন্দা। পাঁচ বছর বয়সেই পেশাদার কার রেসারের স্বীকৃতি পেয়েছে সে। আর সাত বছর বয়সে হয়েছে দেশের সর্বকনিষ্ঠ কার রেসার।

শিশুটির বাবা জানান, হাঁটি হাঁটি পা পা বয়স থেকেই শাও জিয়ানের ঝোঁক ছিল গাড়ি রেসিংয়ের দিকে। মাত্র এক বছর বয়স থেকেই সে বাড়িতে ‘রেসিং সিমুলেটর’ (গাড়ি চালানোর কৃত্রিম যন্ত্র) ব্যবহার শুরু করে।

ছেলের মধ্যে গাড়ি চালানোর এক ‘অসাধারণ সহজাত ক্ষমতা’ লক্ষ্য করে শাওয়ের বাবা তাকে অনুশীলনের জন্য একটি ছোট আকারের সিমুলেটর তৈরি করে দেন। এরপর তিনি ছেলের জন্য একটি ইলেকট্রিক গোকার্ট (ছোট চার চাকার যান) কিনে আনেন। কিন্তু দুই বছর পার হতে না হতেই শাও জিয়ানের কাছে সেই ইলেকট্রিক গাড়ির গতি খুব ধীর মনে হতে থাকে।

ছেলের আগ্রহ দেখে বাবা তাকে জ্বালানিচালিত গাড়ি কিনে দেন এবং পেশাদার গো-কার্ট প্রশিক্ষণে ভর্তি করান।

চার বছর বয়সেই সিমুলেশন গেমের বিশ্ব র‌্যাংকিংয়ে ৩০তম স্থান দখল করে নেয় শাও জিয়ান। অথচ তার বাবা নিজে একজন অভিজ্ঞ সিমুলেটর খেলোয়াড় হয়েও আপ্রাণ চেষ্টা করে তিন হাজারেরও নিচে জায়গা করে নিতে পারেননি।

প্রায় একই সময়ে শাও জিয়ান র‌্যালি কার চালানো শুরু করে এবং টানা ৪০ দিন বরফের ওপর গাড়ি চালানোর অভিজ্ঞতা অর্জন করে।

শাওয়ের বাবা জানান, বেইজিংয়ে একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার হিসেবে কাজ করেন তিনি। গাড়ির পেছনে ব্যয় হওয়া অর্থের বড় অংশই এসেছে তার সঞ্চয় এবং শাও জিয়ানের সামাজিক যোগা১যোগমাধ্যমের অনুসারীদের থেকে।

বর্তমানে একটি প্ল্যাটফর্মেই শাওয়ের ১০ লাখের বেশি অনুসারী রয়েছে।