রামগড়ে পৃথক ঘটনায় ২ জনের লাশ উদ্ধার

Printed Edition

রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা

খাগড়াছড়ির রামগড় উপজেলায় পৃথক ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার নাকাপা বাজার ও চাষিনগর এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জালিয়াপাড়া-রামগড় সড়কের নাকাপা বাজার এলাকায় নাকাপা উচ্চবিদ্যালয়ের প্রবেশমুখে একটি যাত্রী ছাউনির পেছনে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে নাকাপা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সাথে তার মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে, গতকাল সোমবার ভোরে উপজেলার নাকাপা চাষিনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহ আলম নামে এক ব্যক্তি নিহত হন। তিনি খাগড়াছড়ি পৌরসভার শান্তিনগর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, ঢাকাগামী শান্তি পরিবহনের একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে সড়কে থেমে চাকা মেরামত করছিল। এ সময় একইদিকে আসা দ্রুতগতির শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহ আলম নিহত হন। তিনি চিকিৎসার উদ্দেশে ঢাকায় যাচ্ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহত আরো একজনকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম জানান, উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।