ক্রীড়া ডেস্ক
বোর্নমাউথের মাঠে গত পরশু পয়েন্ট হারাল ম্যানচেস্টার সিটি। এলি জুনিয়র ক্রুপির গোলে প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল স্বাগতিক দল। আর নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আর্লিং হলান্ডের গোলে সমতায় ফেরে সিটিজেনরা। তবে শিরোপা লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না পেপ গার্দিওলার দলের। কিন্তু বোর্নমাউথের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বসল ম্যানসিটি। এই ড্র’র পর ৩৭ ম্যাচে ৭৮ পয়েন্ট সিটির। সমান ম্যাচে ২৫ জয়, ৭ ড্র ও ৫ পরাজয়ে ৮২ পয়েন্ট আর্সেনালের। লিগে একটি করে ম্যাচ বাকি দুই দলেরই। শেষ ম্যাচে জয়ী হলে ৮১ পয়েন্ট হবে ম্যানসিটির। আর শেষ ম্যাচে হেরে গেলেও ১ পয়েন্টে এগিয়ে থাকবে গানাররা। আর তাতেই ইত্তিহাদের দলটির এই হোঁচটে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন রাজা হয়ে গেল আর্সেনাল।
ইংল্যান্ডের শীর্ষ স্তরের লিগে এ নিয়ে ১৪বার শিরোপা জিতেছে আর্সেনাল। আর ১৯৯২ সালে ইংলিশ প্রিমিয়ার লিগ চালুর পর এটি তাদের চতুর্থ শিরোপা। দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কোচ মিকেল আর্তেতার অধীনে দলটি ম্যানচেস্টার সিটির সাথে পয়েন্ট ব্যবধানের হিসেব নিকেশে নিজেদের শ্রেষ্ঠত্ব নিশ্চিত করে।
এই ড্রয়ে ১২৭ বছরের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলা নিশ্চিত হয়েছে বোর্নমাউথের। আগামী মৌসুমে অন্ততপক্ষে ইউরোপা লিগে খেলবে তারা, আর এখনো সম্ভাবনা টিকে আছে চ্যাম্পিয়ন্স লিগে খেলারও। টানা ১৭ ম্যাচ ধরে অপরাজিত দলটি ৫৬ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।



