শাপলা ট্র্যাজেডির বিচার দ্রুত শেষ করার দাবি শাহজাহান চৌধুরী এমপির

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, ঐতিহাসিক ৫ মে শাপলা ট্র্যাজেডির শহীদদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ২০১৩ সালের এই দিনে রাতের আঁধারে আলেম-ওলামাদের উপর বর্বরতা চালানো হয়েছে, এই শাপলা ট্র্যাজেডির বিচার কাজ দ্রুত সময়ে সম্পন্ন করতে হবে। জুলাই অভ্যুত্থান ও শাপলা গণহত্যাসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ক্ষতিপূরণ দিতে হবে। শাপলা ট্র্যাজেডিসহ সকল রাষ্ট্রীয় ও রাজনৈতিক খুন, গুম, হামলার সাথে জড়িত সকল অপরাধীর বিচার করতে হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের মজলিসে শূরার সাধারণ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী আমির পরিবেশবিদ নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক ও অধ্যাপক নুরুল আমীন চৌধুরী।

জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি, অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আবুল আফীফ, মাওলানা কামাল উদ্দীন, মাওলানা আবুল ফয়েজ, মুহাম্মদ নুরুল হক, অধ্যক্ষ ইসমাইল হক্কানী, মাওলানা আরেফে জামী, মাওলানা আরিফুর রশীদ, আ ক ম ফরিদুল আলম ও অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীসহ জেলা শূরা সদস্যরা।