লংগদুতে ১১ দিনেও সন্ধান মেলেনি গৃহবধূ ও শিশুপুত্রের বাড়ছে রহস্য ও উদ্বেগ

Printed Edition

বিপ্লব ইসলাম লংগদু (রাঙ্গামাটি)

রাঙ্গামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নে এক গৃহবধূ ও তার তিন বছরের শিশুপুত্র নিখোঁজ হওয়ার ঘটনার ১১ দিন পেরিয়ে গেলেও এখনো তাদের কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে আতঙ্কও ছড়িয়ে পড়ছে।

নিখোঁজ গৃহবধূ হাফসা (২২) উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আজিজুলের স্ত্রী। তার সাথে নিখোঁজ রয়েছে তার তিন বছরের শিশুপুত্রও।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ মে বিকেলে হাফসা সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। ঘটনার দুই দিন পর স্বামী আজিজুল লংগদু থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আজিজুল জানান, ঘটনার দিন বিকেলে তিনি তার ভাবীকে নিয়ে চৌমুহনী বাজারে চিকিৎসকের কাছে যান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মা ফোন করে জানান, হাফসা বাড়িতে নেই। এরপর রাতভর খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। তিনি বলেন, ‘পরদিনও অনেক খোঁজ করেছি। পরে থানায় জিডি করি। পুলিশ তদন্ত করছে; কিন্তু এখনো কোনো তথ্য পায়নি।’

তবে ঘটনার পরপরই বিষয়টি হাফসার বাবার বাড়িতে জানানো হয়নি। এ বিষয়ে আজিজুল বলেন, দুই পরিবারের মধ্যে পূর্ব থেকে মামলা ও বিরোধ থাকায় রাগের কারণে প্রথমে বিষয়টি জানানো হয়নি। লংগদু থানার ওসি জাকারিয়া বলেন, স্বামীর প থেকে একটি জিডি করা হয়েছে।