কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদর উপজেলার কদমতলা এলাকায় ধরলা নদীর স্থায়ী ভাঙনরোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। গত শনিবার বেলা ১১টায় ধরলা নদীর বাম তীরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কোমলমতি শিক্ষার্থীসহ কয়েকশ’ ভুক্তভোগী মানুষ অংশ নেন।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ধরলা নদীর বাম তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিভিন্ন স্থানে কাজ করলেও কদমতলা এলাকার প্রায় ৫০০ মিটার ভাঙনপ্রবণ অংশটি দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে। প্রশাসনিক জটিলতার অজুহাতে গুরুত্বপূর্ণ এ অংশে এখন পর্যন্ত কার্যকর কোনো টেকসই ব্যবস্থা নেয়া হয়নি। বক্তারা বলেন, দ্রুত ভাঙনরোধে পদক্ষেপ গ্রহণ করা না হলে অতি শিগগিরই নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, মসজিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। একইসাথে শত শত পরিবারের বসতভিটা ও ফসলি জমিও চরম হুমকির মুখে পড়বে।
মানববন্ধনে বক্তব্য দেন সমাজসেবক মাইদুল ইসলাম, মোহাম্মদ আলী, এনসিপি পাঁচগাছী ইউনিয়নের সদস্যসচিব রাশেদ খান মিলন, ব্যবসায়ী আব্দুল আউয়াল ও আকতারুল ইসলাম। বক্তারা অবিলম্বে ভাঙনপ্রবণ ৫০০ মিটার এলাকায় বালুভর্তি জিও ব্যাগ নিক্ষেপ ও স্থায়ী বাঁধ নির্মাণের জোর দাবি জানিয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।



