সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের হাইকোর্টে জামিন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

হত্যা মামলাসহ তিন মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে কারাগারে পাঠানো হয়।

একই দিন নুরুল ইসলাম সুজনকে যাত্রাবাড়ী থানার গোপী বাঘের রাইয়ান কম্পিউটার ট্রেনিং সেন্টারের মালিক রফিকুল ইসলামকে হত্যার মামলায় গ্রেফতার দেখানো হয়। ২৮ আগস্ট রফিকুল ইসলামের স্ত্রী নাজিয়া আক্তার বাদি হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৯৫ জনকে আসামি করা হয়।

জামিন পাননি মোজাম্মেল বাবু

এদিকে বনানী থানার চাঁদাবাজি মামলায় একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে জামিন দেননি হাইকোর্ট। মঙ্গলবার বিচাপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ২০২৫ সালের ১১ জানুয়ারি মোজাম্মেল বাবুসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মামলা করেন বৈশাখী মিডিয়া লিমিটেডের চৌধুরী মো: হুমায়ুন কবির।

অভিযোগে বলা হয়েছে, সেনা সমর্থিত সরকারের সময় তারা ২০০৭ সালের ১৭ মার্চ বৈশাখী টিভির অফিসে যান। তখন তারা ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন এবং বৈশাখী টিভির শেয়ারহোল্ডার করতে চাপ দিতে থাকেন। একপর্যায়ে তারা তিন লাখ টাকার শেয়ারের ফরমে স্বাক্ষর করিয়ে আলমারিতে থাকা সাড়ে চার লাখ টাকা নিয়ে যান। এর আগে কারাগারে থাকা সাংবাদিক মোজাম্মেল বাবুকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ। তার পক্ষে করা জামিন আবেদনের শুনানি নিয়ে গত ২৭ এপ্রিল এই রুল জারি করা হয়।