আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, বৃক্ষরোপণ ও বনায়ন এক বিষয় নয়। বর্তমানে আমরা বৃক্ষরোপণ করছি; কিন্তু প্রকৃত পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজন বনায়ন। বনায়নের মাধ্যমে বন্যপ্রাণীর আবাসস্থল সৃষ্টি হয় এবং জীববৈচিত্র্য সংরক্ষিত থাকে।
গতকাল শনিবার বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে ক্যাম্পাসে অনুষ্ঠিত বর্ণাঢ্য রথ্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
পরিবেশ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি রথ্যালি বের করা হয়। রথ্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, বিউটিফিকেশন কমিটির চেয়ারম্যান প্রিন্সিপাল মোহাম্মদ আমিরুজ্জামান, রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম পিএসসি (অব:), অ্যাডিশনাল রেজিস্ট্রার মো: সোলাইমান মিয়া, প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী ও বিউটিফিকেশন বিভাগের সিনিয়র সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন আহমদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।



