নড়াইল প্রতিনিধি
একই মায়ের গর্ভে ভূমিষ্ঠ হলো সাত সন্তান! এর মধ্যে চারজন ছেলে ও তিনজন মেয়ে সন্তান। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে সাত নবজাতকের কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। চাঞ্চল্যকর ঘটনাটি নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের কালুখালী গ্রামের।
গ্রামের ইজিবাইক চালক মহসিন মোল্যা ও গৃহবধূ সালমা দম্পতির ঘর আলো করে সাত সন্তানের জন্ম হয়। বিয়ের ১০ বছর পর তারা সন্তানের মুখ দেখেন। আল্ট্রাসনোগ্রাফিতে ছয়জন সন্তানের রিপোর্ট এলেও বাস্তবে সাতটি সন্তান ভূমিষ্ঠ হয়। তবে কাউকেই বাঁচানো যায়নি। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাত নবজাতককে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার রাতে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রথমে দু’টি সন্তান ভূমিষ্ঠ হয়। পরদিন বুধবার রাতে একে একে পাঁচ সন্তান প্রসব করেন গৃহবধূ সালমা। নির্দিষ্ট সময়ের আগে পাঁচ মাসের মধ্যে সন্তানগুলো ভূমিষ্ঠ হয়েছে বলে জানান পরিবারের সদস্যরা। নবজাতকদের মা সালমা বেগম যশোরে এখনো চিকিৎসাধীন আছেন।
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইলা ম-ল জানান, সালমা বেগম তার তত্ত্বাবধানে চিকিৎসা নিয়েছেন। সন্তানগুলো অপরিপক্ক অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে। পাঁচ মাসে ২০০ গ্রাম করে ওজন হয়েছে। তবে, সবার হার্টবিট ছিল। কিন্তু শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি।



