চট্টগ্রাম ব্যুরো
দল ও সরকারের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র, অপপ্রচার ও বিভ্রান্তির বিরুদ্ধে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন।
তিনি বলেন, আমাদের এখন সবচেয়ে বেশি সজাগ থাকতে হবে। কারণ পদে পদে দল ও সরকারকে কলঙ্কিত করার জন্য একটি মহল ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্রের মুখোশ উন্মোচনে সবাইকে সচেতন থাকতে হবে। আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
তিনি শনিবার বিকেলে নগরীর বিবিরহাট গরু বাজারসংলগ্ন পিডিবি অফিসের মাঠে পাঁচলাইশ থানা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পাঁচশত পরিবারের হাতে চাল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মহসিন কলেজ মাঠের উন্নয়নকাজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর প্রসঙ্গ তুলে মেয়র বলেন, অভিযোগের সত্যতা যাচাই করতে তিনি সকালে সরেজমিন মাঠ পরিদর্শন করেছেন। সেখানে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হচ্ছে- এমন অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। মেয়র বলেন, কোনো উন্নয়নকাজে অনিয়ম থাকলে শিক্ষার্থীদের তা তুলে ধরার অধিকার রয়েছে। তবে যাচাই বাছাই ছাড়া মিথ্যা প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, বিশ্বব্যাংকের প্রকল্প নিয়ে এ ধরনের মিথ্যা প্রচারণা হলে ভবিষ্যতে তারা চট্টগ্রামে উন্নয়ন প্রকল্প দিতে অনাগ্রহী হতে পারে। এর ক্ষতি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়, ক্ষতি হবে চট্টগ্রামবাসীর। তাই কোনো অভিযোগ থাকলে আগে ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করতে হবে। মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে সিটি করপোরেশনের লিগ্যাল এইড কমিটির মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মেয়র। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের এখনো প্রায় ৩০ শতাংশ কাজ বাকি রয়েছে। চলমান কাজ সম্পন্ন হলে এবং সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ চট্টগ্রামের জলাবদ্ধতা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে।
যুবদল নেতা মোহাম্মদ আলী সাকির সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের নেতা শফিউল আলম শফির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহিন, আহ্বায়ক কমিটির সদস্য ইসকান্দার মির্জা, সাবেক যুগ্ম সম্পাদক মনজুরুল আলম মঞ্জু, পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনির আহম্মেদ চৌধুরী।



