প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা পরিবেশ রক্ষায় মাইলফলক : আবুল কাহের চৌধুরী শামীম

Printed Edition

সিলেট ব্যুরো

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা এবং টেকসই ও সবুজ বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে জেলা পরিষদ সিলেটের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে গতকাল সদর উপজেলার বাইশটিলায় জেলা পরিষদের মালিকানাধীন ‘ন্যাচারাল পার্কে’ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো বাংলাদেশকে একটি পরিবেশবান্ধব, সবুজ ও বাসযোগ্য রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব গ্রহণের পর থেকেই পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বনায়ন বাড়াতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের যে মহতি মহাপরিকল্পনা তিনি নিয়েছেন, তা দেশের ইতিহাসে পরিবেশ রক্ষায় মাইলফলক হয়ে থাকবে।

এই কর্মসূচির মাধ্যমে সিলেটে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানে বিপুলসংখ্যক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, সহকারী প্রকৌশলী মো: মোজাম্মেল হোসেন, উপসহকারী প্রকৌশলী সূর্য সেন রায়, প্রশাসনিক কর্মকর্তা এ কে এম কামারুজ্জামান মাসুম, প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমদসহ কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।