পেন্টাগনের ক্ষেপণাস্ত্র সঙ্কট মার্কিন প্রতিরক্ষা খাতে উদ্বেগ

Printed Edition

আলজাজিরা

মধ্যপ্রাচ্যে টানা কয়েক মাসের সামরিক সঙ্ঘাতের কারণে অভূতপূর্ব এক চ্যালেঞ্জের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাব্যবস্থা। যুদ্ধ চলাকালে বিপুল পরিমাণ ব্যয়বহুল ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহারের ফলে পেন্টাগনের অস্ত্রাগারের মজুদ দ্রুত তলানীতে গিয়ে ঠেকেছে। এর ফলে ভবিষ্যতে বিশ্বজুড়ে নতুন কোনো বড় সঙ্ঘাত তৈরি হলে নিজস্ব ঘাঁটি ও সেনাসদস্যদের সুরক্ষা দেয়ার সামর্থ্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

মার্কিন গবেষণা সংস্থা ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’ (সিএসআইএস)-এর বরাতে জানা যায়, মধ্যপ্রাচ্যের বর্তমান সঙ্ঘাত শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ২,৩০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার ইন্টারসেপ্টর ছিল, যা বর্তমানে ৮২৭টির নিচে নেমে এসেছে। একইভাবে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ব্যবস্থার ইন্টারসেপ্টর সংখ্যা ৪৫২টি থেকে কমে ২৭৮টিতে দাঁড়িয়েছে। গবেষণা প্রতিষ্ঠানটি সতর্ক করে জানিয়েছে, এই বিশাল ঘাটতি পূরণ করে আগের মজুদ অবস্থায় ফিরতে যুক্তরাষ্ট্রের সামরিক শিল্প কাঠামোর অন্তত তিন বছর সময় লাগবে। ফলে ইন্দো-প্যাসিফিক অঞ্চল বা অন্য কোনো নতুন ফ্রন্টে সমসাময়িক সঙ্কট তৈরি হলে মার্কিন বাহিনীর পক্ষে সুরক্ষা নিশ্চিত করা বহুগুণ কঠিন হয়ে উঠবে। ইউক্রেন, মধ্যপ্রাচ্য ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একযোগে সামরিক প্রতিশ্রুতি রাখতে গিয়ে পেন্টাগনের ওপর চরম চাপ সৃষ্টি হয়েছে।

এই জরুরি পরিস্থিতি মোকাবেলায় ২০২৬ অর্থবছরের প্রস্তাবিত ৬৭ বিলিয়ন ডলারের বিশেষ প্রতিরক্ষা তহবিলের মধ্যে ১৮ দশমিক ২ বিলিয়ন ডলার সরাসরি প্যাট্রিয়ট, নৌবাহিনীর টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও থাড ব্যবস্থার নতুন ইন্টারসেপ্টর ক্রয়ে বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। পাশাপাশি, যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগ এখন কম খরচের অস্ত্রশস্ত্র সংগ্রহের ওপরও সমান গুরুত্ব দিচ্ছে। প্রাথমিক ২০২৭ সালের প্রতিরক্ষা বাজেটে চাহিদা দেয়া গোলাবারুদের অর্ধেকেরও বেশি এমন সব অস্ত্র, যার প্রতিটির উৎপাদন খরচ ছয় লাখ ডলার বা তার কম। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের এই সঙ্ঘাত কেবল আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করেনি বরং ওয়াশিংটনের বৈশ্বিক সামরিক সক্ষমতা ও প্রস্তুতিকেও বড় ধরনের পরীক্ষায় ফেলে দিয়েছে। ক্ষেপণাস্ত্রের দ্রুত হ্রাস পাওয়া মজুদ ভবিষ্যতে একাধিক স্থানে একই সাথে নিজেদের ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার পথ জটিল করে তুলছে।