চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা ক্লাস বর্জন ও ৬ দফা দাবিতে এবার অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। রোববার সকাল ৮টা থেকে এই কর্মবিরতি শুরু হয়। একই দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ ও মেডিক্যালের শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচিও শুরু করেছে।
অ্যাসোসিয়েশনের দফতর সম্পাদক মো: ইরফানুর রহমানের স্বাক্ষরিত বিবৃতিতে কর্মবিরতি কর্মসূচির বিষয়ে জানানো হয়। জানা গেছে, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেখানে ঢাকা মেডিক্যাল ও সোহরাওয়ার্দী হাসপাতালে নির্দিষ্ট কিছু বিভাগে নতুন পদায়ন বন্ধ, উপজেলা পর্যায়ে দুই বছর বাধ্যতামূলক সেবাদান এবং মেধাভিত্তিক সীমিত ভাতার (মাত্র ১ হাজার জন ট্রেইনি) বিধান রাখা হয়েছে। চিকিৎসকদের দাবি, এই সিদ্ধান্তগুলো অন্যায্য ও বাস্তবতাবিবর্জিত।
ইন্টার্ন চিকিৎসকদের উত্থাপিত ৬ দফা দাবিগুলো হলো- গত ১৯ মে জারি করা এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নতুন নির্দেশনা দেয়া; স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এর বাস্তবায়ন; ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৯ম গ্রেডের সমমান করা ও বেসরকারি চিকিৎসকদের জন্য পৃথক বেতন কাঠামো প্রণয়ন।



