করাচিতে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে ১৬ জন নিহত

Printed Edition

ডন

পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে গ্যাস বিস্ফোরণে একটি আবাসিক ভবনের একটি অংশ ধসে নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১৪ জন আহত হয়েছেন বলে উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন। বৃহস্পতিবার ভোরে করাচির সোলজার বাজার এলাকার গুল রানা কলোনির একটি আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে।

সহকারী পুলিশ সুপার জামশেদ আশের জানিয়েছেন, ভোররাত প্রায় সোয়া ৪টার দিকে সেহরির সময় ভবনটির দ্বিতীয় তলায় বিস্ফোরণটি ঘটে। পরে সর্বশেষ তথ্যে সিন্ধু প্রদেশের উদ্ধারকারী বাহিনী ‘রেসক্যু ১১২২’ জানায়, এ ঘটনায় মৃত্যুর সংখ্যা ১৬ জনে দাঁড়িয়েছে আর আহত হয়েছেন ১৪ জন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। করাচির সরকারি হাসপাতালের ট্রমা সেন্টারের চিকিৎসক ডা: মোহাম্মদ সাবির মেমন জানান, নিহতদের মধ্যে ১৩ জনের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে।

রেসক্যু ১১২২ জানিয়েছে, তাল্লশি ও উদ্ধার অভিযান অব্যাহত আছে। রেসক্যু ১১২২ এর চিফ অপারেটিং কর্মকর্তা ডা. আবিদ জালালুদ্দিন গ্যাস বিস্ফোরণে ভবনটির একটি অংশ ধসে পড়েছে বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনতলা ওই ভবনটির ঘরগুলো ছোট ছোট, খোলা জায়গা কম হওয়ায় উদ্ধার অভিযান কঠিন হয়ে গেছে।

তিনি বলেন, ‘ভবনটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। ঘরগুলো একজনের থাকার মতো করে তৈরি করা।’