পোল্যান্ডে আরো ৫ হাজার সেনা পাঠাচ্ছেন ট্রাম্প

Printed Edition
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

বিবিসি

পোল্যান্ডে অতিরিক্ত আরো পাঁচ হাজার মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন দেশটিতে চার হাজার সেনা পাঠানোর একটি পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত বাতিল করার ঠিক এক সপ্তাহের মাথায় গত বৃহস্পতিবার ট্রাম্প নতুন এই ঘোষণা দিলেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোকির সাথে সুসম্পর্কের ওপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত বছর পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনের সময় নাভরোকিকে সরাসরি সমর্থন দিয়েছিলেন ট্রাম্প। তবে অতিরিক্ত এই সেনারা আগের বাতিল হওয়া পরিকল্পনার অংশ, নাকি নতুন কোনো অভিযানের আওতায় যাচ্ছেন, সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বিস্তারিত কিছু জানাননি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হোয়াইট হাউজ ইঙ্গিত দিয়েছিল যে, ‘আমেরিকা ফার্স্ট’ (সবার আগে যুক্তরাষ্ট্র) নীতির অংশ হিসেবে তারা ইউরোপে সেনাসংখ্যা কমিয়ে আনতে চায়। চলতি মাসের শুরুর দিকে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সাথে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের বিরোধ তৈরি হয়। ট্রাম্পের দাবি ছিল, ইরান যুদ্ধে মার্কিন কূটনীতিকেরা ‘লাঞ্ছিত’ হয়েছেন- ফ্রিডরিখ মের্ৎসের এমন মন্তব্যের কারণে তিনি ক্ষুব্ধ হন। এ ছাড়া হরমুজ প্রণালীতে ইরানের ওপর চাপ সৃষ্টিতে যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ানোয় ন্যাটো মিত্রদের কড়া সমালোচনা করেছিলেন ট্রাম্প। এর জের ধরেই জার্মানি থেকে পাঁচ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

এর আগে পেন্টাগন যখন পোল্যান্ডে চার হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত হঠাৎ বাতিল করে, তখন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এটিকে ‘সাময়িক বিলম্ব’ হিসেবে উল্লেখ করেছিলেন। তিনি আশ্বস্ত করেছিলেন যে, পোল্যান্ডে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক উপস্থিতি বজায় থাকবে। পোল্যান্ডের প্রেসিডেন্ট নাভরোকি দীর্ঘ দিন ধরেই ট্রাম্পের কট্টর সমর্থক হিসেবে পরিচিত। গত জানুয়ারিতে বিবিসির এক অনুষ্ঠানে নাভরোকি দাবি করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থামানো ও ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ক্ষমতা একমাত্র ট্রাম্পেরই আছে। ন্যাটো জোট নিয়ে ট্রাম্পের নানা সমালোচনা সত্ত্বেও নাভরোকির বিশ্বাস, ইউরোপের নিরাপত্তার প্রধান রক্ষক এখনো যুক্তরাষ্ট্রই। এদিকে জার্মানি থেকে সেনা প্রত্যাহারের পর পোল্যান্ডে সেনা মোতায়েন নিয়ে ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন খোদ মার্কিন রিপাবলিকান পার্টির বেশ কয়েকজন আইনপ্রণেতা। তাদের মতে, এই সিদ্ধান্তের ফলে রাশিয়ার কাছে একটি ভুল বার্তা যেতে পারে। উল্লেখ্য, ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানিতেই বর্তমানে সবচেয়ে বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যার সংখ্যা ৩৬ হাজারের বেশি। বিপরীতে ইতালিতে ১২ হাজার ও যুক্তরাজ্যে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন।