জাকির আবু জাফর

আমার কিছু ঈদফুল

Printed Edition
আমার কিছু ঈদফুল
আমার কিছু ঈদফুল

আমার কিছু ঈদ আছে কৈশোরের পাতায় চিরবসন্তের মতো ঈদ, চির সুন্দরের মতো ঈদ

উড়ে আসা বাতাসের বহরের মতো অথবা

দিগন্ত বিসারী ফসলের উদ্যানের মতো কিংবা

ক্ষুধার্ত মুখে আহারের আনন্দের মতো ঈদ

অসহায় ক্ষীণকায় এক কিশোরের মুখে আমি ঈদকে হাসতে দেখেছি, তার সারা শরীরে শীর্ণ পোশাক থেকে ফুটে উঠছিল থোকা থোকা শরীর

সময়ের দাঁত যেনো ছিঁড়ে খুঁড়ে খুবলে খাওয়ার মতো দারিদ্র্য, এলো চুলে ধূলির বসবাস, মলিন মুখ অথচ চোখ দুটি দারুণ চকচকে,

কারণ তার চোখে সেদিন ঈদ ছিলো!

নেহায়েতই স্বল্প মূল্যের একটি নতুন জামার ঘ্রাণ যেনো মুছে দিলো তার দুঃখের রঙ। তার হাসির ভেতর, খুশির ভেতর, এমনকি দৃষ্টির ভেতর মায়াভরা সুখেরর উদ্যম। কারণ সেদিন তার মনে ঈদ ছিলো

নতুন চাঁদে ঈদফুল ফুটলেই অকস্মাৎ মনে পড়ে কৈশোরের ঈদগুলো, যখন ভোরের শরীরে হেসে উঠতো আমাদের উৎসব

আমরা ভোরকে বুকে পুরে পুকুরে ধুয়ে নিতাম সকল অপেক্ষা, তারপর ছিলো ঈদগাহে পরস্পর ভাই হয়ে ওঠার গল্পটি

আমরা একে অন্যকে বিনিময় করতাম কোলাকুলির কবিতা।

আজ ভাবি, ঈদ আমাদের অনন্তের সৌরভে মথিত এক মহাকাব্যের নাম, আমরা সেই কাব্যের জলসায় বিলাই ভালোবাসার ফিরনি

আমার কিছু ঈদ আছে এই মহানগরীর পথের ওপর, কখনও মতিঝিলের মমত্ব

কখনও শান্তিনগরের নীরব মুহূর্ত

কখনও বেইলি রোডের বহতা সন্ধ্যার গভীরে আবার কখনও রমনার রকমারি বৃক্ষের বুকে বাতাসের সাথে দুলে উঠতো ঈদফুল!