এএফপি
ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসঙ্ঘের বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজের ওপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। আদালতের নির্দেশের পর বুধবার এ সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে জানানো হয়, আলবানিজের বিরুদ্ধে দেয়া নিষেধাজ্ঞা তালিকা থেকে তার নাম সরিয়ে নেয়া হয়েছে।
এর ফলে বৈশ্বিক আর্থিক লেনদেনে আরোপিত বাধাও উঠে গেল। আগে ওই নিষেধাজ্ঞার কারণে তিনি বড় ধরনের ক্রেডিট কার্ড ব্যবহার ও ব্যাংকিং লেনদেন করতে পারছিলেন না। ইতালীয় নাগরিক আলবানিজ জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদের অধীন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের আচরণের কঠোর সমালোচনা করে আসছিলেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জেলা জজ রিচার্ড লিওন আলবানিজের বিরুদ্ধে দেয়া নিষেধাজ্ঞার ওপর প্রাথমিক স্থগিতাদেশ দেন।



