ঠাকুরগাঁও প্রতিনিধি
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর ব্যাপারে পদক্ষেপ নেয়া হয়েছে। আশা করা যায় আগামী দুই বছরের মধ্যে এটি চালু হবে। যেহেতু প্রধানমন্ত্রী কথা দিয়েছেন, সুতরাং এটি হবে। বিমানবন্দরটি চালুর লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট দফতরগুলোর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথে নিয়ে গতকাল দুপুরে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন শেষে, জেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিমানবন্দর চালুর ব্যাপারে কাজের অগ্রগতি হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এটি চালু করা অত্যন্ত জরুরি। এখানে অনেকেই আছেন হয়তো তারা বিমানে উঠতে পারবেন না, কিন্তু তার পরও তারা অতি আগ্রহী। কারণ এটি চালু আমাদের জন্য গর্বের। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে আমি চেপে ধরেই রয়েছি, তারা বলেছে আপনাদের এটা হবেই। বগুড়া ও ঠাকুরগাঁও এই দু’টি বিমানবন্দর এরই মধ্যে পরিকল্পনা বিভাগের সবুজ খাতায় লিপিবদ্ধ হয়ে গেছে। সাংবাদিকদের ভাইদের বলব আপনারা প্রশ্ন করছেন এটি কবে হবে? আমি বলব এটি তো খাতার পাতা না যে ঘষা দিলেই হবে। সময় দিতে হবে। এটির এখন সার্ভে, স্টাডি হবে, এই যে পুরাতন বিল্ডিংগুলো আছে, এগুলো ভেঙে নতুন করে করতে হবে, এয়ারপোর্টের টার্মিনাল বানাতে হবে, তাই একটু সময় লাগবে, আপনাদের ধৈর্য্য ধরতে হবে।
নির্বাচনের সময় নিজের দেয়া উন্নয়ন কর্মকাণ্ডের ওয়াদা রক্ষা করতে চান উল্লেখ্য করে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ের বেশ কয়েকটি কাজ এরই মধ্যে চালু হয়েছে, আপনারা জানেন এরই মধ্যে আমাদের জেলায় নতুন দু’টি থানা ভুল্লী ও রুহিয়া উপজেলায় উন্নীত হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মিজ্ আফরোজা খানম রিতা এমপি, বলেন, আমরা ফুল টিম নিয়ে এসেছি। আমরা বিমানবন্দরের রানওয়েসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখলাম। যত তাড়াতাড়ি সম্ভব এটি চালুর ব্যাপারে উদ্যোগ নেবো। যেহেতু এটি চালু করা প্রধানমন্ত্রীর ওয়াদা ছিল, তাই এটি দুই বছরের মধ্যে চালুর চেষ্টা করব।
এর আগে ঠাকুরগাঁও বিমানবন্দরের রানওয়েসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখেন এলজিআরডিমন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর, বেসামরিক বিমান মন্ত্রী মিজ্ আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ মন্ত্রণালয় ও প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।
পরে মন্ত্রী, প্রতিমন্ত্রীদের ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তি, সামাজিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দেন।
জেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি মির্জা ফয়সল আমিন। অন্যানের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও-২ আসনের এমপি ডা: মো: আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো: বেলাল হোসেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: শরিফুল ইসলাম শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুল হান্নান হান্নু, দফতর সম্পাদক মো: মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী মাহেবুল্লাহ আবু নূর, এম এম মজিদুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন প্রমুখ।



