চলন্ত বাস থেকে শিক্ষার্থীকে ফেলে দেয়ায় ১১ বাস আটক

Printed Edition

সাভার (ঢাকা) সংবাদদাতা

সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স (২০২০-২১) শেষ বর্ষের এক ছাত্রকে গতকাল বুধবার চলন্ত বাস থেকে ফেলে দেয়ার ঘটনায় শিক্ষার্থীরা ১১টি বাস আটক করেছেন। আহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ ইমন।

শিক্ষার্থী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ধামরাই সরকারি কলেজে পরীক্ষা দেয়ার জন্য সাভার থানা বাসস্ট্যান্ড থেকে সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ওঠেন ইমন। এ সময় স্টুডেন্টস ভাড়া নিয়ে তার সাথে বাসের কন্ট্রাক্টর ও হেলপারের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে ধামরাই থানা বাসস্ট্যান্ড এলাকায় বাসটি পৌঁছালে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ওই ছাত্রকে ফেলে দিয়ে বাসটি দ্রুত পালিয়ে যায়। মহাসড়কের আইল্যান্ডের সাথে আঘাত পেয়ে মাথার পেছনের অংশে মারাত্মক জখম হয়ে গুরুতর আহত হন ইমন। পথচারীরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ইমনকে সাভার বাসস্ট্যান্ডের সুপার মেডিক্যাল হাসপাতালে ভর্তি করেন। এ খবর সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে জানাজানি হলে ইমনের সহপাঠীরাসহ অন্যান্য শিক্ষার্থী ক্ষোভে ফেটে পড়েন। পরে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত সেলফি পরিবহনের ১১টি বাস পাকিজা এলাকা থেকে আটক করে কলেজে নিয়ে যান। রাত ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বাসগুলো আটক রয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।