গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আমি এমপি নির্বাচিত হওয়ার পরে মন্ত্রী হয়ে দায়িত্ব বেড়ে যাওয়ায় এলাকায় আপনাদের বেশি সময় দিতে পারি না। এতে আপনারা হতাশ হবেন না। মনে করবেন রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন। আপনাদের সাথে যোগাযোগের চেয়ে জাতির দায়িত্ব পালন গুরুত্বপূর্ণ। তবে ভার্চুয়ালি যোগাযোগ স্থাপন করার জন্য উদ্যোগ নেয়া হবে। সোমবার রাতে বরিশালের গৌরনদী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সব অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ফেইক চেকিং ম্যাগাজিনটা আমি তথ্যমন্ত্রী হিসাবে যত দ্রুত সম্ভব প্রতিষ্ঠা করব। ডাটা ছাড়া কোনো তথ্য কেবলই অভিমত। কোনো অভিমত কিন্তু সংবাদ না। যে সংবাদের মধ্যে সত্য নাই, সেটা ভুল তথ্য। এ জন্য সারা পৃথিবীতে ফ্যাক চেকিং ম্যাকাজিমটা আছে। দেশে ভালো সাংবাদিকের সংখ্যাই বেশি। যারা ভুল তথ্য, মিথ্যা তথ্য ও বিকৃত সংবাদ প্রকাশ করে ব্ল্যাকমেইল করে তাদের সংখ্যা খুবই কম।
তথ্যমন্ত্রী বলেন, সমাজতো ভেঙে গেছে, কোথাও কোনো সামাজিক শৃঙ্খলা নেই। প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো বিশেষ করে পুলিশ প্রশাসন এবং আমলাতন্ত্র নানা রকম বিষাক্ত পরিবেশ সেখানে হয়ে আছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবুল হোসেন মিয়া, জেলা উত্তর বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন।



