ব্লুমবার্গ
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রতিরক্ষামূলক সামরিক অভিযানে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমোদন দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। এর ফলে এ বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অনুসৃত নীতিই বহাল থাকল।
গত ১৭ জুলাই যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা পুনরায় শুরুর পর পরিস্থিতি মূল্যায়নে জ্যেষ্ঠ মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন বার্নহ্যাম। বৈঠকেই যুক্তরাষ্ট্রকে প্রয়োজনীয় সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয় বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।এর আগে চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুরোধ জানালে তৎকালীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রথমে তাতে সম্মতি দেননি। সে সময় তিনি বলেছিলেন, আন্তর্জাতিক আইন ও প্রয়োজনীয় আইনি শর্ত পূরণ ছাড়া এমন সিদ্ধান্ত নেয়া সম্ভব নয়। পরে ইরানের পক্ষ থেকে যুক্তরাজ্যের আঞ্চলিক মিত্রদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটলে স্টারমার অবস্থান পরিবর্তন করেন।



