তাহিরপুরে জনপ্রিয় হয়ে উঠছে বাদাম চাষ

Printed Edition

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

বাদাম চাষে আগ্রহ বাড়ছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকাসহ উঁচু এলাকার কৃষকদের। এখনে বিস্তীর্ণ এলাকাজুড়ে বাদামের চাষ হচ্ছে বলে জানা গেছে। লাভ বেশি পাওয়ায় কৃষকরা বাদাম চাষে ঝুঁকছেন বলে জানিয়েছেন তারা।

অল্প বিনিয়োগে লাভ বেশি হওয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বাদাম চাষ। আর এ ফসলটিতে আশার আলো দেখছেন স্থানীয় কৃষকরা। তা ছাড়া অন্য ফসলের চেয়ে বেশি লাভ ও কম খরচে বাদাম চাষ জনপ্রিয়তা পেয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতর বলছে, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে বাদামের বাম্পার ফলন হবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর তাহিরপুর উপজেলায় ১৪ হাজার ৫০০ হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে এক হাজার ৪১০ হেক্টর অর্জন হয়েছে।

উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর গ্রামের কৃষক জানান, বাদাম চাষ করে লাভবান হওয়া যায়। এবার ভাল ফলন হবে আশা। এখন বৃষ্টি খুব বেশি প্রয়োজন কিন্তু বৃষ্টি না হওয়ার কারনে চারা বৃদ্ধি পাচ্ছে না এ নিয়ে চিন্তায় আছি।

তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, এ বছর বাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৪ হাজার ৫০০ হেক্টর। কৃষকদের সরকাররিভাবে সব সময় পরামর্শ সহযোগিতা করা হচ্ছে।