সাহাদাত শাহিন ভোলা
মেঘনা নদীর উজান থেকে নেমে আসা তীব্র স্রোতে ভোলার ইলিশা পয়েন্টে নদীতীর সংরক্ষণে স্থাপিত শত শত সিসি ব্লক ধসে পড়েছে। এতে ইলিশা ফেরিঘাট, লঞ্চঘাট, মাছঘাটসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ঝুঁকির মুখে পড়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কারণ নেই।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই ভোর থেকে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটসংলগ্ন এলাকায় সিসি ব্লকের ধস শুরু হয়। উজানের পানির চাপ ও তীব্র স্রোতে প্রায় ২০ মিটার এলাকাজুড়ে চার স্তরের শত শত সিসি ব্লক নদীতে ধসে পড়ে। পাশাপাশি আরো প্রায় ১০ মিটার এলাকায় বড় ধরনের ফাটল দেখা দেয়, যা নতুন করে ভাঙনের আশঙ্কা সৃষ্টি করছে। ধসের কারণে ঢাকা-ইলিশা লঞ্চঘাটের একটি পন্টুন বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সেই পন্টুনে যাত্রী ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখে। ভাঙনের তীব্রতা বাড়ায় ব্যবসায়ীরা নদীতীরবর্তী দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নিচ্ছেন। স্থানীয়দের আশঙ্কা, ভাঙনস্থল থেকে ভোলা শহর রক্ষা বাঁধের দূরত্ব মাত্র ২০ মিটার। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভাঙন শহর রক্ষা বাঁধ পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে, যা যোগাযোগব্যবস্থা, ব্যবসাবাণিজ্য এবং আশপাশের জনবসতির জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে।



