চামড়া শিল্পখাত উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে : শিল্পমন্ত্রী

Printed Edition
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ‘চামড়া শিল্পখাতের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়ন টাস্কফোর্স’-এর সভায় সভাপতিত্ব করেন। পরিবেশ, বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন : নয়া দিগন্ত
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ‘চামড়া শিল্পখাতের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়ন টাস্কফোর্স’-এর সভায় সভাপতিত্ব করেন। পরিবেশ, বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন : নয়া দিগন্ত

বাসস

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের চামড়া শিল্পখাতের সার্বিক উন্নয়নে স্বল্প ও দীর্ঘ-উভয় মেয়াদে কার্যকর করণীয় নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, শিল্প মন্ত্রণালয় ও বিসিকের পক্ষ থেকে নীতিগত সহযোগিতাসহ এসব কর্মপরিকল্পনা বাস্তবায়নে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

গতকাল রোববার রাজধানীর মতিঝিলে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘চামড়া শিল্পখাতের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গঠিত টাস্কফোর্স’-এর নবম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান খান, বেপজার নির্বাহী পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ টাস্কফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার চামড়া শিল্পখাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং একটি চামড়াও যেন নষ্ট না হয় সে বিষয়ে সরকার আন্তরিক। তিনি বলেন, পশু জবাই থেকে শুরু করে চামড়া বাজারজাতকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়াকে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনা হবে। এর মাধ্যমে চামড়া খাতকে দেশের অন্যতম বড় আয়ের উৎসে পরিণত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, চামড়া সংরক্ষণের সুবিধা বাড়াতে হবে, যাতে কোরবানির মৌসুমে কোনো চামড়া নষ্ট না হয়। চামড়া শিল্পকে লাভজনক খাতে রূপান্তর করতে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানসম্মত কমপ্লায়েন্স নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী জানান, কোরবানির ঈদে সংগৃহীত পশুর চামড়া এতিমখানাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পাঠানো হয়। এজন্য চামড়া সঠিকভাবে ছাড়ানো, সংরক্ষণ এবং মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

সভায় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) প্রতিনিধিদের অনুরোধে চামড়া ব্যবসায়ীদের সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদানের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। এ খাতের ব্যবসায়ীদের দ্রুত আর্থিক সহায়তা নিশ্চিত করার জন্যও কেন্দ্রীয় ব্যাংকের প্রতি অনুরোধ জানান মন্ত্রী। এছাড়া, সাভারের ট্যানারি শিল্প এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং চামড়া শিল্পনগরীর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।