নয়া দিগন্ত ডেস্ক
বিশ্বকাপের গ্রুপ লিগের প্রথম ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয় আলজেরিয়ার। ম্যাচের ১৭, ৬০ এবং ৭৬ মিনিটে গোল করে নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক পূরণ করেন লিয়োনেল মেসি। ‘মেসি-ম্যাজিকেই’ বাজিমাত করে আর্জেন্টিনা।
মাঠে যখন জাদু দেখাচ্ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক, তখন আর এক মজাদার ঘটনা ঘটে মাঠের বাইরে। সেই ভিডিওই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিওটিতে দেখা গিয়েছে, টুর্নামেন্টে ফক্স স্পোর্টসের বিশেষ প্রতিবেদক হিসেবে কর্মরত জেমিস উইনস্টন নামে এক তরুণ একটি দারুণ কাণ্ড ঘটান। লিওনেল মেসির জার্সি পরানো একটি আস্ত ছাগল নিয়ে উপস্থিত হন তিনি।
মেসিকে ‘সর্বকালের সেরা’ (গ্রেটেস্ট অব অল টাইম, সংক্ষেপে জিওএট বা ‘গোট’) হিসেবে সম্মানিত করা হয়ে থাকে। সেই ভাবনাটিরই প্রতীক হিসেবে জেমিস এই কাজ করেছেন বলে মনে করা হচ্ছে। জেমিস আমেরিকার পেশাদার ফুটবলার। তিনি ন্যাশনাল ফুটবল লিগে নিউ ইয়র্ক জায়ান্টসের হয়ে কোয়ার্টার ব্যাক পজিশনে খেলেন।
এক্সের (সাবেক টুইটার) ‘এনএফএল ডভক্লেইম্যান’ নামের হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। পোস্ট করার পরে প্রায় চার হাজার বার তা দেখা হয়েছে। অনেকে শেয়ারও করেছেন সেই ভিডিও। অজস্র মন্তব্য জমা পড়েছে। জেমিসের এমন কাণ্ডে হেসে আকুল হয়েছেন নেটাগরিকরা। কেউ কেউ আবার ‘সর্বকালের সেরা’ বিষয়টি নিয়ে এমন ঠাট্টাকে খোলা মনে মানতে পারেননি। একজন আবার মজা করে মন্তব্য করেছেন, ‘ছাগলটিকে কি কোনো বাড়তি বখশিশ দেয়া হলো, না কি দৈনিক মজুরিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে?’



